১৮ নভেম্বর, ২০২৬
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে ও কম্বল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ১৭ ও ১৮ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন চান্দুরিয়া ও পদ্মশাখরা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭-এস-এর ১২ আরবি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদপুর এলাকা থেকে ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করে। অন্যদিকে, পদ্মশাখরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার-১ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আশামোড় এলাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে।
বিজিবির দাবি, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার সময় এসব পণ্য জব্দ করা হয়। ভারতীয় পণ্যের অবৈধ প্রবেশের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে জানায় সংস্থাটি।
এদিকে, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।