☰
✕

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯ নভেম্বর, ২০২৬

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। বুধবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

পুলিশের করা মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা সড়কে আকস্মিকভাবে মিছিল বের করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় আসামি করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. শরিফুল ইসলাম সিফাত, মো. শরিফ হোসেন মমিন, আজাদ হোসেন ওরফে বাবু, মো. মিলন হোসেন, মো. মিনহাজুর রহমান রায়হানসহ অন্যরা।

পুলিশ জানায়, মামলায় নাম থাকা আসামিদের গ্রেফতারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’