১৯ নভেম্বর, ২০২৬
ছয় দশক আগেও তীব্র খাদ্যসংকট ও ফসলের ফলন কম হওয়ার কারণে ভারতীয়দের সপ্তাহে এক রাতের খাবার বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হতো।কিন্তু সময়ের পরিক্রমায় কৃষিবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি এবং সরকারের দেওয়া দীর্ঘমেয়াদী ভর্তুকির ফলে সেই ভারতই আজ বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী শক্তিতে পরিণত হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে ভারত এখন বিপুল পরিমাণ চাল বিদেশে রপ্তানি করছে। তবে এই সাফল্যের মুদ্রার উল্টো পিঠে এখন নয়াদিল্লির জন্য তৈরি হয়েছে এক বিশাল রাজস্ব মাথাব্যথা, কারণ ক্রমবর্ধমান ভর্তুকির বোঝা সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার।
সম্প্রতি রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের আদান-প্রদান করা বিভিন্ন নথিপত্র পর্যালোচনা এবং ১০ জন সরকারি কর্মকর্তা ও এক ডজনেরও বেশি বিজ্ঞানীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসন এখন গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। দেশের মানুষের পাশাপাশি বিদেশের ভোক্তাদেরও কম দামে চাল খাওয়াতে গিয়ে ভারতের নিজস্ব কোষাগারে টান পড়ছে।
ভারতের কেন্দ্রীয় খাদ্য ভর্তুকি বিলের দুই-তৃতীয়াংশেরও বেশি ব্যয় হয় চালের পেছনে। গত এক দশকে এই ভর্তুকির পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ২ দশমিক ২৮ ট্রিলিয়ন রুপিতে (২৪ দশমিক ১ বিলিয়ন ডলার) দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে কৃষি অর্থনীতিবিদ এবং শস্যমূল্য নির্ধারণ বিষয়ে সরকারের সাবেক উপদেষ্টা অশোক গুলাটি বলেন, কার্যত আমরা করদাতাদের অর্থ ব্যবহার করে বিদেশি ভোক্তাদের ভর্তুকি দিচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, ভারতের এই উদ্বৃত্ত চাল বিশ্ববাজারে এমন কম দামে ছাড়া হচ্ছে যা প্রতিযোগী দেশগুলোকে কোণঠাসা করে ফেলছে।
এল নিনোর প্রভাবে অনাবৃষ্টির কারণে ২০২৬-২৭ মৌসুমে ভারতে চালের ফলন কিছুটা কম হওয়ার আশঙ্কা থাকলেও গুদামে বিপুল পরিমাণ মজুত থাকায় আগামী দুই বছরে ভারতের চাল রপ্তানি আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। এই বিশাল উদ্বৃত্ত তৈরির পেছনে বড় ভূমিকা রেখেছে নতুন উদ্ভাবিত ধানের জাত, যা ভারতের বন্যাকবলিত পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও নির্ভরযোগ্য চাষাবাদের সুযোগ করে দিয়েছে।
এর ফলে গত এক দশকে ভারতের জাতীয় চাল উৎপাদন ৫০ শতাংশ বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ১৫৪ মিলিয়ন টনে পৌঁছেছে, যেখানে ১৪০ কোটি মানুষের এই দেশটির অভ্যন্তরীণ চাহিদা মাত্র ১০৭ মিলিয়ন টন।
ষাটের দশকের মাঝামাঝি সময়ে যখন ভারত নিজের জনগণের খাদ্য জোগাতেই হিমশিম খাচ্ছিল, তখন থেকে শুরু হওয়া কেন্দ্রীয় ভর্তুকি ব্যবস্থাই মূলত এই উৎপাদন বৃদ্ধির ভিত্তি গড়ে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যের ওপর বিভিন্ন রাজ্য সরকার অতিরিক্ত 'বোনাস' দিতে শুরু করায় কৃষকরা আরও বেশি পরিমাণে ধান চাষে উৎসাহিত হচ্ছেন।
১৯৬৫ সালে যে দেশটির সরকার নাগরিকদের সপ্তাহে এক বেলা উপোস থাকার আহ্বান জানিয়েছিল, এক দশকের ব্যবধানে সেই ভারতের চাল রপ্তানি দ্বিগুণ বেড়ে ২০২৫ সালে ২২ দশমিক ৩ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। বর্তমানে বৈশ্বিক চাল বাণিজ্যের ৪০ শতাংশই ভারতের দখলে।
কিন্তু এই বিপুল মজুত রাখার মতো পর্যাপ্ত গুদামঘর এখন আর দেশে অবশিষ্ট নেই। পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার কটকের বেসরকারি চালকল মালিক নবীন আগরওয়াল জানান, সেখানে উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় গুদামে আর তিল ধারণের ঠাঁই নেই। তিনি বলেন, আমাদের জায়গা ফুরিয়ে গেছে। সরকার আমাদের কাছ থেকে যে চাল ইতিমধ্যে কিনে নিয়েছে, সরকারি সংস্থাগুলো কখন তা সরিয়ে নেবে আমরা সেই অপেক্ষায় আছি।
ভর্তুকি ব্যবস্থার অধীনে কেন্দ্রীয় সরকার প্রতি বছর শ্রমিকের মজুরি থেকে শুরু করে সারের খরচ পর্যন্ত সব দিক বিবেচনা করে ধানের একটি ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে দেয়। এর ওপর ধান উৎপাদনকারী রাজ্যগুলো প্রায়ই বাড়তি অর্থ যোগ করে, যা ধান চাষকে অন্যান্য ফসলের চেয়ে অনেক বেশি লাভজনক করে তুলেছে।
রাজ্যগুলোর দেওয়া এই বাড়তি বোনাসের কারণে চালের অতি-উৎপাদন হচ্ছে এবং ডাল ও তৈলবীজের মতো অত্যন্ত প্রয়োজনীয় ফসলের চাষ কমে যাচ্ছে, যেগুলো ভারতকে বিদেশ থেকে আমদানি করতে হয়। এই বিষয়টি নিয়ে এখন ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনের মধ্যে চরম টানাপোড়েন চলছে।
কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ধান উৎপাদনকারী রাজ্যগুলো মন্ত্রণালয়ের ওপর আরও বেশি চাল কেনার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং বর্তমান এই পরিস্থিতিকে তিনি অত্যন্ত বিরক্তিকর বলে অভিহিত করেছেন।
এই সংকট এখন আর কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নেই বরং তা আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা ছড়াচ্ছে। ভারতের চাল রপ্তানি বাড়তে থাকায় থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মতো প্রতিদ্বন্দ্বী উৎপাদনকারী দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে বাজারদরের চেয়ে কম মূল্যে চাল বিক্রির অভিযোগ তোলেন।
যদিও ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া নয়াদিল্লি এই অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্রে কেবল উচ্চমূল্যের প্রিমিয়াম বাসমতি চাল রপ্তানি করে। তবে গত এপ্রিলে মার্কিন বাণিজ্য সংস্থা 'ইউএসএ রাইস' অভিযোগ করে জানায়, ভারতের মতো অসাধু প্রতিযোগীদের অন্যায্য প্রতিযোগিতা মার্কিন চাল বিক্রিকে হুমকির মুখে ফেলছে।
মার্কিন কৃষি বিভাগের একজন মুখপাত্রও এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই ভারতের চাল ভর্তুকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। অন্যদিকে, বিশ্ববাজারে চালের দরপতন ঠেকাতে থাইল্যান্ড ২০২৫ সালে ভারত ও ভিয়েতনামের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছিল এবং গত অক্টোবরে ব্যাংকক জানায় যে ভারতের বিশাল মজুত থাই রপ্তানিকারকদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে।
নভেম্বরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডের বেঞ্চমার্ক চাল প্রতি টন প্রায় ৪৯৭ ডলারে বিক্রি হলেও ভারতীয় চাল তার চেয়ে প্রায় ১১০ ডলার কমে বিক্রি হচ্ছে।
ভারতের এই নীরব চাল বিপ্লবের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে ২০০৯ সালে বাণিজ্যিকভাবে অবমুক্ত হওয়া 'স্বর্ণা-সাব১' জাতের ধান।
ভারতীয় গবেষকরা বন্যাসহিষ্ণু এফআর১৩এ জাতের সঙ্গে উচ্চফলনশীল স্বর্ণা জাতের সংকরায়ণ ঘটিয়ে এই ধান উদ্ভাবন করেন। আগে ভারতের বেশিরভাগ চাল আসত উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের পাঞ্জাব ও হরিয়ানার মতো রাজ্যগুলো থেকে। কিন্তু নতুন এই জাতটি বন্যাকবলিত পূর্ব ভারতের কৃষিচিত্র আমূল বদলে দিয়েছে।
পূর্ব ভারতের বিহার রাজ্যের সুপৌল জেলার সিসোনি গ্রামের ৭০ বছর বয়সী কৃষক চন্দ্রমোহন যাদব এর জীবন্ত সাক্ষী। তাঁর গ্রামটি 'বিহারের দুঃখ' খ্যাত কোশী নদীর তীরে অবস্থিত, যার ভয়াবহ বন্যায় প্রতি বছর ফসল তলিয়ে যেত। সেই দুঃসহ স্মৃতিচারণ করে তিনি বলেন, এমন অনেক বছর গেছে যখন আমরা পরিবারের খাওয়ার মতো যথেষ্ট চালও উৎপাদন করতে পারতাম না, আর কখনো কখনো বন্যায় পুরো ফসলই ভেসে যেত। কিন্তু এখন আমরা যতটা খেতে পারি, তার চেয়েও বেশি চাল উৎপাদন করি।
নতুন জাতের কল্যাণে গত ১৫ বছরে বিহারে চালের উৎপাদন ১৮২ শতাংশ বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ৮ দশমিক ৭৫ মিলিয়ন টনে দাঁড়িয়েছে। পার্শ্ববর্তী রাজ্য ওডিশায় উৎপাদন ৫০ শতাংশ বেড়ে ১০ দশমিক ২ মিলিয়ন টনে পৌঁছেছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিএআর-সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী রামেশ্বর সাহ জানান, গবেষকরা এখন একই ধানের জাতে বন্যা ও খরা; উভয় সহনশীলতা যুক্ত করার কাজ করছেন, যা অনিয়মিত মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল
কৃষকদের দারুণভাবে সাহায্য করবে। দুজন বিজ্ঞানী ও দুজন সরকারি কর্মকর্তার দেওয়া তথ্যমতে, আগামী পাঁচ বছরে নতুন জাতের ধানগুলো দেশের মোট উৎপাদনে অন্তত আরও ১০ মিলিয়ন টন চাল যোগ করবে। ভারতের শীর্ষ সরকারি নীতি-নির্ধারণী সংস্থা নীতি আয়োগের একটি প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ২০৩৬ সাল নাগাদ ভারতের মোট চাল উৎপাদন ১৭১ মিলিয়ন টনে পৌঁছাবে, অথচ তখন অভ্যন্তরীণ চাহিদা বেড়ে দাঁড়াবে মাত্র ১১০ মিলিয়ন টনে।
উদ্বৃত্ত চালের পাহাড় সামাল দিতে সরকার ইতিমধ্যে কিছু চাল ইথানল উৎপাদনের দিকে ঘুরিয়ে দিয়েছে। তা সত্ত্বেও সরকারি গুদামে চালের মজুত বেড়েই চলেছে, যা গত ১ অক্টোবর রেকর্ড ৫৫ দশমিক ৪৭ মিলিয়ন টনে পৌঁছেছে; এটি সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চার গুণেরও বেশি। সংগ্রহ ও বিতরণের মধ্যকার এই ক্রমবর্ধমান অসামঞ্জস্য এবং আঞ্চলিক ভারসাম্যহীনতা মোকাবিলায় সরকার ১৩ দশমিক ১ মিলিয়ন টন অতিরিক্ত ধারণক্ষমতার গুদাম তৈরির পরিকল্পনা
নিয়েছে বলে গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের এক নথিতে জানানো হয়। এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে লেখা এক চিঠিতে স্থানীয় গুদামগুলো থেকে গত বছরের কেনা ৬ লাখ টন চাল দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, তা না হলে নতুন ফসল সংগ্রহে বিলম্ব ঘটবে এবং এর ফলে কৃষকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে।
ভারতের মোট শ্রমশক্তির ৪০ শতাংশেরও বেশি কৃষিকাজের ওপর নির্ভরশীল হওয়ায় ভর্তুকি কমানোর যেকোনো উদ্যোগের বিরুদ্ধে কৃষকরা বরাবরই সোচ্চার। ২০২০ ও ২০২১ সালে নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের তীব্র আন্দোলনের মুখে পড়ে সরকার ২০২১ সালের নভেম্বরে সেই আইনগুলো বাতিল করতে বাধ্য হয়েছিল, কারণ কৃষকদের আশঙ্কা ছিল ওই আইনের ফলে কেন্দ্রীয় ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা বন্ধ হয়ে যাবে।
সেই অভিজ্ঞতা থেকে কেন্দ্রীয় সরকার নিজস্ব ভর্তুকিতে হাত দিতে সাহস না পেলেও রাজ্যগুলোর দেওয়া বাড়তি বোনাস বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভোটব্যাংক হারানোর ভয়ে রাজ্য সরকারগুলো কৃষকদের এই সুবিধা বন্ধ করতে নারাজ। তিনটি সরকারি সূত্র জানিয়েছে, রাজ্যগুলোর বোনাস বন্ধ করতে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয় গত দুই বছরে তিনবার অর্থ মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে।
গত ৯ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগ রাজ্যগুলোকে লেখা এক চিঠিতে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সংগতি রেখে অন্যান্য শস্য চাষে উৎসাহ দেওয়ার আহ্বান জানায় এবং সতর্ক করে বলে যে, অতিরিক্ত পানি-নির্ভর ধান চাষ ভূগর্ভস্থ পানির স্তরের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত চাল রপ্তানি করে ১২ বিলিয়ন ডলার আয় করলেও ডাল ও তৈলবীজ আমদানি করতে দেশটির ব্যয় হয়েছে ২২ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা গত এক দশকে ১২০ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডাল ও তৈলবীজের তুলনায় ধান চাষে অনেক বেশি সারের প্রয়োজন হয়।
এর ফলে ভারতের সার ভর্তুকি বিলও ফুলেফেঁপে উঠছে। সার মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সার ভর্তুকি ৩ ট্রিলিয়ন রুপি বা ৩১ দশমিক ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যা এক দশক আগের তুলনায় চার গুণ বেশি। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ২০২৫ সালের সেপ্টেম্বর এবং ২০২৬ সালের মার্চেও রাজ্য খাদ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চালের বোনাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তবে পরামর্শক প্রতিষ্ঠান বিগমিন্ট-এর কৃষিবাণিজ্য বিভাগের প্রধান অভিষেক গোভিলকার মনে করেন, রাজ্যগুলোকে এই বোনাস বন্ধ করতে রাজি করানো মোটেও সহজ হবে না। তার মতে, রাজ্য সরকারগুলো এই বোনাসকে নির্বাচনে জেতার একটি হাতিয়ার হিসেবে দেখে, আর এ কারণেই সরকারের পক্ষে এই লাগামহীন ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।