১৯ নভেম্বর, ২০২৬
ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’।এর প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতাসহ একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। কোথাও হালকা, আবার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে জনজীবন।
পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশার পুরী উপকূলের মধ্যবর্তী কোনো এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অন্ধ্রপ্রদেশে প্রায় ৭২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্রসৈকতে পর্যটকদের ভ্রমণ, নৌবিহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওড়িশার পুরী সমুদ্রসৈকতে বুধবার বিকেল থেকেই পর্যটকদের প্রবেশ ও সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের রাজধানী ভুবনেশ্বরসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। দুর্যোগ মোকাবিলায় মাঠে নেমেছে পুলিশ ও প্রশাসন। মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুরীর জগন্নাথ মন্দিরে বিশেষ দর্শনের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে পরিচিত গুন্ডিচা মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
উপকূলীয় এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ওড়িশার নয়টি জেলায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে রাজ্যের নির্বাচন পর্ষদের পরীক্ষাও।
পরিস্থিতি পর্যালোচনায় বুধবার উচ্চপর্যায়ের বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের ১৩টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে বলেও জানান তিনি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে সুন্দরবন, বকখালি, পূর্ব মেদিনীপুরের দীঘা ও মন্দারমণি সমুদ্রসৈকতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। এ বিষয়ে নিয়মিত মাইকিং করছে প্রশাসন। পাশাপাশি সমুদ্রতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন অনুযায়ী নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের গতিপথ ও পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও জোরদার করা হয়েছে।