১৯ নভেম্বর, ২০২৬
রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশে যাওয়ার সময় বুধবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম।
পুলিশ জানায়, বুধবার থাইল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরে উপস্থিত হন মোছাদ্দেক হোসেন বাবলু। এ সময় ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটির চার্জশিট হয়েছে এবং বাকি দুটি মামলা তদন্তাধীন রয়েছে। চার্জশিট হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, গ্রেফতার মোছাদ্দেক হোসেন বাবলুর নামে থানায় তিনটি মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। গত ২০২২ সালে জেলা পরিষদের নির্বাচনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপরেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে ওই বছরের ২৫ সেপ্টেম্বর দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে মোছাদ্দেক হোসেন বাবলু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন।