☰
✕

ভালুকায় পার্কিং করে রাখা বাসে আগুন দিলো নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা

১৯ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় বাসটিতে আগুন দেয় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। আগুনে বাসটির আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘মীর এক্সপ্রেস’। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩। বাসটি স্কয়ার ফ্যাশন কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পার্কিং করা ছিল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর পৌনে চারটার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাসের মালিক শফিকুল ইসলাম জানান, ঋণ নিয়ে তিনি বাসটি কিনেছিলেন। এটি তাঁর একমাত্র আয়ের উৎস। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বাসে ঘুমিয়ে থাকা কর্মী রাব্বি হাসান জানান, ভোর চারটার দিকে কাচ ভাঙার শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় বাসের পেছনের দিকে আগুন দেখতে পান। পরে বাস থেকে নেমে পুলিশকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।