☰
✕

বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা

১৯ নভেম্বর, ২০২৬

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সঙ্গে থাকা তার গাড়িচালক হাসান ও বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাদের গাড়ির গতিরোধ করে। পরে গাড়িতে ভাঙচুর চালিয়ে তাদের কাছে থাকা টাকা, ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি অভিযোগ করেন, ফোন ও মানিব্যাগ তল্লাশির পর তাদের মারধর করা হয়। একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা। ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে তাকে জোর করে তুলে নিয়ে যায়।

ময়েন আরও বলেন, হামলার পর তারা কোনোরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান। বর্তমানে তারা মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি দলীয়ভাবে অপহৃত নেতার সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তাকে জানিয়েছেন শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন। তাকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।