১৯ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদ গোল চত্বরে দুই ট্রাকের সংঘর্ষে ইউসুফ আলী নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকটি ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাকের চালক মুকুল ও তার সহকারী তালেব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নিহত ইউসুফ আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি সায়দাবাদ-কাঠালতলা এলাকায় বালু ওঠানো-নামানোর কাজে ট্রাকচালক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক যমুনা সেতু গোলচত্বর এলাকায় পৌঁছে, সেতু পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটির নিচে কাজ করছিলেন চালক ইউসুফ আলী। ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।