সাবেক এমপি হেনরী ও তার স্বামী ফের ৪ দিনের রিমান্ডে

২৩ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ছাত্রদল নেতা সুমন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে বিএনপি কর্মী লতিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শরিফুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজিল করলে শুনানি শেষে বিচারক রাসেল মাহমুদ তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর জানান, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে ছাত্র-জনতার উপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলা চলাকালে গুলিতে যুবদল নেতা রঞ্জু, ছাত্রদল নেতা সুমন ও বিএনপিকর্মী আব্দুল লতিফ মারা যান। এ ঘটনায় তিনটি হত্যা মামলা দায়ের হয়। এর আগে দুটি মামলায় পৃথকভাবে রিমান্ডে নেয়া হয়েছিল। মঙ্গলবার সুমন হত্যা মামলার রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করে লতিফ হত্যা মামলায় ৭দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। 

এর আগে, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে গত ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে র‌্যাব।