১৯ নভেম্বর, ২০২৬
পছন্দের মানুষটির সঙ্গে প্রথম সাক্ষাতের দিনটিকে ঘিরে থাকে নানা প্রত্যাশা। কী পরবেন তা ঠিক করা, কী নিয়ে কথা বলবেন তা নিয়ে ভাবা, এমনকী দেখা করার আগে মনে মনে কিছু উত্তরের মহড়া দেওয়া- এসবই থাকে প্রস্তুতির অংশ। সাধারণত কিছুটা স্নায়বিক উত্তেজনা ও রোমাঞ্চ কাজ করে, আর প্রত্যাশা থাকে যে কথোপকথনটি যেন সাবলীলভাবে এগিয়ে যায়।
তবে কখনো কখনো অপ্রত্যাশিত মোড় নিতে পারে। আর সবসময় যে দুজনের মধ্যে বোঝাপড়ার অভাব থাকে, তা কিন্তু নয়। বরং কিছু আচরণ একটি সুন্দর সন্ধ্যাকেও অস্বস্তিকর করে তুলতে পারে। নিচে এমন পাঁচটি বিষয়ের উল্লেখ করা হলো, যা প্রথম ডেটকে নেতিবাচক কারণে স্মরণীয় করে রাখতে পারে।
কথোপকথনকে সাক্ষাৎকারের রূপ দেওয়া
কারও সম্পর্কে কৌতূহলী হওয়া আর তাকে এমন অনুভব করানো যে সে যেন কোনো নিয়োগকর্তার সামনে বসে আছে, এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে।
কাজ, পরিবার, শখ বা আগ্রহ নিয়ে প্রশ্ন করা খুবই স্বাভাবিক। কিন্তু যখন প্রতিটি উত্তরের পরপরই কোনো স্বাভাবিক আদান-প্রদান ছাড়াই আরেকটি প্রশ্ন করা হয়, তখন কথোপকথনটি কৃত্রিম বা জোরপূর্বক চাপিয়ে দেওয়া বলে মনে হতে পারে।
প্রথম সাক্ষাতে উভয় পক্ষেরই সুযোগ থাকা উচিত নিজেদের গল্প, মতামত এবং ছোটখাটো বিষয়গুলো শেয়ার করার। এটি এমন হওয়া উচিত যেন দুজন মানুষ একে অপরকে জানার চেষ্টা করছেন; এমন নয় যে একজন ব্যক্তি কেবল তথ্য সংগ্রহ করছেন।
ক্রমাগত প্রাক্তন সঙ্গীর কথা বলা
অতীতের সম্পর্ক সবার জীবনেরই একটি অংশ, তাই প্রাক্তন সঙ্গীর উল্লেখ করা মানেই যে সেটি কোনো রেড ফ্ল্যাগ, তা কিন্তু নয়। তবে বারবার প্রাক্তন সঙ্গীর প্রসঙ্গ টেনে আনা অন্য ব্যক্তিকে অস্বস্তিতে ফেলতে পারে।
রেস্তোরাঁর তুলনা করা, পুরোনো ঝগড়া নিয়ে আলোচনা করা কিংবা আগের সম্পর্ক কীভাবে শেষ হলো তা বিস্তারিত বলা- এভাবে প্রাক্তন সঙ্গীর ওপর অতিরিক্ত মনোযোগ দিলে মনে হতে পারে যে কথোপকথনের বড় অংশ জুড়ে এখনো অতীতই রয়ে গেছে।
প্রথম সাক্ষাৎ হলো আপনার সামনে বসে থাকা মানুষটিকে বোঝার একটি সুযোগ। এটি অন্য কারও সম্পর্কের পুনরাবৃত্তি শোনার মতো হওয়া উচিত নয়।
রেস্তোরাঁর কর্মীদের সাথে অভদ্র আচরণ করা
ওয়েটারের ওপর মেজাজ দেখানো, ছোটখাটো ভুলের জন্য আক্রমণাত্মকভাবে অভিযোগ করা কিংবা রেস্তোরাঁর কর্মীদের নিজের চেয়ে নিচু মনে করে আচরণ করা- এসব বিষয় কোনো ব্যক্তি সম্পর্কে আপনার পুরো ধারণা বদলে দিতে পারে।
এমনকী অন্যান্য সবকিছু আনন্দদায়ক মনে হলেও, অকারণে অভদ্র আচরণ এমন এক চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, যা অন্যথায় বুঝতে হয়তো অনেক বেশি সময় লাগত। জরুরি কোনো মেসেজের উত্তর দেওয়া বা সংক্ষিপ্ত কোনো কল ধরার জন্য ফোন হয়তো দরকারি হতে পারে। কিন্তু অন্য কেউ যখন কথা বলার চেষ্টা করছেন, তখন ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকলে তিনি নিজেকে উপেক্ষিত মনে করতে পারেন।
পরিস্থিতিটি তখন আরও অস্বস্তিকর হয়ে ওঠে, যখন অপরপাশের মানুষটি কোনো কারণ না জানিয়েই বারবার ফোনের নোটিফিকেশন চেক করেন, মেসেজেরর উত্তর দেন বা ভিডিও দেখতে থাকেন।
প্রথম সাক্ষাতে যে ঘণ্টার পর ঘণ্টা একটানা চোখের দিকে তাকিয়ে থাকতে হবে, এমনটা কেউ আশা করে না। তবুও কাউকে পূর্ণ মনোযোগ দেওয়া মানেই হলো তার সময়ের প্রতি আপনার শ্রদ্ধা রয়েছে।
অস্বস্তিকর ব্যক্তিগত মন্তব্য করা
ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার জন্য নির্দিষ্ট সময় ও স্থান থাকে; প্রথম সাক্ষাৎ মানেই যে কাউকে যা খুশি জিজ্ঞেস করার অনুমতি পাওয়া যায়, তা কিন্তু নয়।
কারও শারীরিক গঠন, বেতন, পারিবারিক পরিস্থিতি বা অতীত অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করাটা খুব সহজেই সীমা অতিক্রম করে ফেলতে পারে। এমনকী যে প্রশ্নগুলো একজনের কাছে সাধারণ মনে হতে পারে, অন্যজনের কাছে সেগুলো অনাকাঙ্ক্ষিত বা ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ বলে মনে হতে পারে, বিশেষ করে যখন তাদের মধ্যে এখনো যথেষ্ট বিশ্বাস গড়ে ওঠেনি।
কারও প্রতি আগ্রহ থাকা মানেই যে তার জীবনের সব ব্যক্তিগত খুঁটিনাটি জানার জন্য তাড়াহুড়ো করতে হবে, তা নয়। সাধারণ আগ্রহের বিষয়গুলো খুঁজে বের করার মতোই একে অপরের ব্যক্তিগত বাউন্ডারিকে সম্মান করা সমান গুরুত্বপূর্ণ।
একটি প্রথম সাক্ষাৎ অর্থবহ হওয়ার জন্য নিখুঁত হতে হবে, এমন কোনো কথা নেই। কথোপকথনের মাঝে নীরবতা, অকারণ হাসি বা কিছুটা অগোছালো আলাপ, এসবই নতুন কারো সাথে পরিচিত হওয়ার স্বাভাবিক অংশ। আসল বিষয় হলো, উভয় পক্ষই যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং একে অপরকে জানার ব্যাপারে আন্তরিক আগ্রহ অনুভব করেন।