☰
✕

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে আলমা’র সঙ্গে ঋণসুবিধার চুক্তি সম্পন্ন করেছে সহজমোবাইল। এর আওতায় যুক্তরাষ্ট্রের হোল্ডিং কোম্পানি এইচআর কনসোর্টিয়াম ইউএসএ, ইনকর্পোরেটেড-এর মাধ্যমে সর্বোচ্চ আড়াই কোটি মার্কিন ডলার ঋণ নিতে পারবে প্রতিষ্ঠানটি। এই সুবিধা বিকন পিক পার্টনারস-এর নেতৃত্বে সহজমোবাইলের বৃহত্তর সিরিজ এ অর্থায়নের অংশ।

২০২৪ সালে কার্যক্রম শুরুর পর থেকে ৩ হাজার ৩০০টির বেশি খুচরা বিক্রেতা অংশীদারের মাধ্যমে লাখো গ্রাহককে কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দিয়েছে সহজমোবাইল। নিজস্ব প্রযুক্তি, আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও স্থানীয় কার্যক্রম কাজে লাগিয়ে ২০২৭ সালের মধ্যে ১০ লাখ গ্রাহককে অর্থায়নের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বিশেষ করে নারী ও গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল সংযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে চায় তারা।

বাংলাদেশে ঋণপ্রাপ্তি ও ডিজিটাল সংযোগে এখনো বড় ঘাটতি রয়েছে। ২০২৪ সালে প্রায় ১ কোটি ৬০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ আনুষ্ঠানিক উৎস থেকে ঋণ নিয়েছেন। অন্যদিকে, প্রায় ৭ কোটি ৬০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের নিজস্ব স্মার্টফোন ছিল না, যা মোট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬২ শতাংশ। ২০২৫ সালে দেশে স্মার্টফোন সরবরাহ হয়েছে ১ কোটি ৬ লাখ ইউনিট, আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। ডিজিটাল অর্থনীতিতে যুক্ত হওয়ার জন্য এসব যন্ত্রের চাহিদা কতটা, তা এ পরিসংখ্যানে স্পষ্ট।

সহজমোবাইলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাফসান ফয়েজ বলেন, “এই অঞ্চলের ঋণবাজারে বিপুল সম্ভাবনা রয়েছে, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও মনোযোগ পাওয়ার দাবি রাখে। আমরা এমন একটি বাজার দেখছি, যেখানে সেবার ঘাটতি থাকলেও ঋণের বাস্তব চাহিদা রয়েছে। এই অর্থায়ন আমাদের প্রবৃদ্ধি ধরে রাখতে এবং স্মার্টফোন অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের সাধারণ ঋণগ্রহীতাদের সঙ্গে আন্তর্জাতিক মূলধনের সংযোগ গড়ে তুলতে সহায়তা করবে।”

সহজমোবাইলের ব্যবস্থাপনা দলের রয়েছে গুগেনহাইম পার্টনারস, বাওয়াগ, গুগল, কোয়ালিয়া, ম্যাকোয়ারি, ব্ল্যাকরক ও কিয়াভি-তে ঋণদান, ঋণ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি খাতে কাজের অভিজ্ঞতা। এর সঙ্গে যুক্ত হয়েছে সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু আল মোতালিবের বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা। গ্রাহক ও স্থানীয় বাজার সম্পর্কে প্রত্যক্ষ ধারণা কাজে লাগিয়ে দলটি প্রাতিষ্ঠানিক মানে ঋণযোগ্যতা যাচাই, অর্থায়নের কাঠামো তৈরি ও ঋণ পোর্টফোলিও পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটির নিজস্ব প্রযুক্তি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও খুচরা বিক্রয়মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। মূলধন, ঋণযোগ্যতা মূল্যায়ন ও স্থানীয় বিতরণব্যবস্থাকে একত্র করে দায়িত্বশীল ঋণদানের চর্চা বজায় রেখে কিস্তিতে কেনার সুযোগ সহজ করছে সহজমোবাইল।

সহজমোবাইল বিডি লিমিটেড বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্রও পেয়েছে। পরীক্ষামূলক এই কার্যক্রমে অগ্রাধিকার পাবেন স্মার্টফোন নেই এমন নিম্ন আয়ের মানুষ এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সুবিধাবঞ্চিত এলাকা। কার্যক্রমটি নির্ধারিত পরিচালন শর্ত ও নিয়মিত পর্যবেক্ষণের আওতায় চলবে।

সহজমোবাইলের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু আল মোতালেব বলেন, “বাংলাদেশকে ডিজিটাল করার শুরুটা মানুষকে সংযুক্ত করার মধ্য দিয়ে। গ্রামের একজন মানুষের জন্য স্মার্টফোন কাজ খোঁজা, ক্রেতার কাছে পৌঁছানো, অর্থ গ্রহণ ও জরুরি সেবা পাওয়ার মাধ্যম হতে পারে। আয় করতে সহায়ক এমন একটি সম্পদ কেনায় আমরা অর্থায়নের সুযোগ দিতে চাই। এর মধ্যে নারীরাও রয়েছেন, যারা এই বাজারে এখনো ব্যাপকভাবে সেবাবঞ্চিত।”