☰
✕

অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পেনশনে ১১ নির্দেশনা

২০ নভেম্বর, ২০২৬

অবসরপ্রাপ্ত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা ও ভূতাপেক্ষভাবে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের পেনশন ও আনুতোষিকের আবেদন নিষ্পত্তিতে ১১ ধরনের নথি জমা দেওয়া বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

আবেদনপত্রে তথ্যের অসংগতি, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং সরকারি পাওনা সংক্রান্ত ভুল প্রত্যয়নের কারণে পেনশন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অসম্পূর্ণ আবেদন না পাঠানোর জন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও দপ্তরপ্রধানদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ নির্দেশনা প্রকাশ্যে আসে।

গত ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে পেনশন প্রস্তাবের সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। পরে ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়। দেশের সব সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং আঞ্চলিক ও জেলা শিক্ষা কার্যালয়ে এ নির্দেশনা কার্যকর হবে।

মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা ‘সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ অনুযায়ী অবসরপ্রাপ্ত শিক্ষকদের চাকরিসংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র নির্ধারিত ফরম্যাটে মাউশিতে পাঠানোর নিয়ম রয়েছে। তবে সম্প্রতি বিভিন্ন আবেদনকারী, কলেজ অধ্যক্ষ ও অধিদপ্তরের পাঠানো পেনশন প্রস্তাবে এ নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যাচ্ছে না, আবার সংযুক্ত নথির তথ্যও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।

চিঠিতে পেনশন প্রস্তাবের বিভিন্ন অসংগতির উদাহরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো সরকারি পাওনা নিয়ে ভুল প্রত্যয়ন। কোনো কোনো শিক্ষকের কাছে সরকারের টাকা পাওনা থাকলেও অধ্যক্ষের দেওয়া ‘না-দাবি’ সনদে কোনো পাওনা নেই বলে উল্লেখ করা হচ্ছে। মন্ত্রণালয়ের মতে, এ ধরনের প্রত্যয়ন বিধিসম্মত নয়।

এ ছাড়া আবেদনকারীর জন্মতারিখ, মোট চাকরিকাল, চূড়ান্ত অবসরের তারিখ, নিয়োগ এবং চাকরি স্থায়ীকরণের তথ্যের সঙ্গে অগ্রায়নপত্রে দেওয়া বিবরণের অমিল পাওয়া যাচ্ছে। ফলে পেনশন মঞ্জুরির বিষয়ে সিদ্ধান্ত নিতে জটিলতা তৈরি হচ্ছে এবং আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।

এ অবস্থায় পেনশন সহজীকরণ আদেশের ৪.০৯ অনুচ্ছেদ অনুসরণ করে প্রতিটি পেনশন ও আনুতোষিক মঞ্জুরির প্রস্তাবের সঙ্গে ১১ ধরনের প্রয়োজনীয় নথি সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়োগপত্র, চাকরি স্থায়ীকরণের আদেশ, পদোন্নতির আদেশ, ছুটির হিসাব এবং প্রযোজ্য ক্ষেত্রে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড মঞ্জুরির কপি। পাশাপাশি দপ্তরপ্রধানের প্রত্যয়ন, হিসাবরক্ষণ অফিসের সংশ্লিষ্ট কাগজপত্র এবং সরকারি বাসায় বসবাস করে থাকলে সরকারি আবাসন পরিদপ্তরের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যু সনদ এবং অধ্যক্ষের বিস্তারিত যাচাই করা ‘না-দাবি’ পত্রের সংশ্লিষ্ট তথ্য দিতে হবে। এ ছাড়া আবেদনকারী ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরিত অঙ্গীকারনামা এবং আবেদনকারী ও তাঁর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্পষ্ট কপি সংযুক্ত করতে হবে।

কোনো আবেদনকারীর বিরুদ্ধে অডিট আপত্তি থাকলে অথবা সরকারের কাছে অর্থ পাওনা থাকলে তা নিষ্পত্তির প্রমাণও জমা দিতে হবে। এ জন্য অর্থ জমার চালান অথবা অনলাইনে যাচাই করা যায় এমন কপি সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অডিট আপত্তি ও বিভাগীয় মামলা-সংক্রান্ত প্রয়োজনীয় নথি এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল বা অন্য কোনো আদালতের আদেশ কিংবা রায় থাকলে সেসবের সত্যায়িত কপি পাঠাতে হবে।

পেনশন প্রস্তাব পাঠানোর আগে আবেদনকারীর দেওয়া প্রতিটি তথ্য এবং সংযুক্ত নথি ভালোভাবে যাচাই করতে সংশ্লিষ্ট অধ্যক্ষ ও দপ্তরপ্রধানদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। বিশেষ করে চাকরির বিবরণ, সরকারি পাওনা এবং বিভিন্ন প্রত্যয়নপত্রের তথ্যে যেন কোনো অসংগতি না থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। নির্ধারিত কাগজপত্র ছাড়া অসম্পূর্ণ বা অস্পষ্ট প্রস্তাব পাঠানো হলে পেনশন নিষ্পত্তিতে জটিলতা ও বিলম্ব তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।