২০ নভেম্বর, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে ফুল, আল-কুরআনসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা আপনাদের এখানে নিয়ে এসেছি এই উদ্দেশ্যে নয় যে, আপনাদের ছাত্রশিবিরে যুক্ত হতেই হবে। আপনাদের যে ছাত্রসংগঠন ভালো লাগে, সেই সংগঠনেই যোগ দেবেন। আমরা কখনো বলব না যে আমরাই একমাত্র ভালো সংগঠন। মানুষের সংগঠনে ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। আপনার জীবনের মূল্যবান সময় যে সংগঠনে ব্যয় করবেন, সেই সংগঠনের উদ্দেশ্য, কাজ ও নেতৃত্ব সম্পর্কে যাচাই-বাছাই করা আপনার দায়িত্ব।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, ইবির ছাত্র-উপদেষ্টা ড. মামুন আল রশীদ, সংগঠনটির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান এবং ইবির আইআইইআর পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দুই সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।