২০ নভেম্বর, ২০২৬
দীর্ঘ ২৬ বছর পর সাতক্ষীরার শ্যামনগরের গুরুত্বপূর্ণ জেলেখালী খাল দখলমুক্ত হয়েছে। স্থানীয় দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে খালটি উন্মুক্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর আসনে দলীয় প্রার্থী ড. মো. মনিরুজ্জামান। সাতক্ষীরাজেলার খবর
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মুন্সিগঞ্জের খালসংলগ্ন ত্রিপাণী বিদ্যাপীঠে উপস্থিত হয়ে তিনি খালটি উন্মুক্ত হওয়ার ঘোষণা দেন। এ সময় খালের দুই পাড়ে বসবাসকারী দেড় শতাধিক পরিবারের সদস্য, বিবদমান দুই পক্ষ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঘড়িকিনুন
খাল উন্মুক্তকরণ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে জেলেখালী খাল দখলমুক্ত করা হয়েছে। এখন থেকে স্থানীয় প্রতিটি পরিবারের খালে প্রবেশ ও পানি ব্যবহারের অধিকার নিশ্চিত হবে। খাল নিয়ে বিরোধের জেরে হওয়া মামলা-মোকদ্দমাও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি উন্মুক্ত হওয়ায় মাছ চাষের পাশাপাশি খালের পানি ব্যবহার করে দুই পাড়ের প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, সদস্যসচিব আশেক-ই-এলাহী মুন্না, এনজিও সমন্বয়ক গাজী আল ইমরান, ডেইলি স্টার প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু, চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, ডিবিসির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, সিএনআরএস প্রতিনিধি সরোয়ার হোসেন, মাসুমা হক ও স্থানীয় জনপ্রতিনিধি দেবাশীষ গাইনসহ অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাহাক পাড়, সুশান্ত গাইনসহ কয়েকটি পরিবার দুই দশকের বেশি সময় ধরে খালটির একটি অংশ দখলে রেখে মাছ চাষ করে আসছিল। খালের পানি ব্যবহারের সুযোগ না থাকায় দুই পাড়ের অনেক পরিবার জমি থাকা সত্ত্বেও বোরো মৌসুমে চাষাবাদ করতে পারত না। খালটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় কৃষি ও জীবিকায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।