২০ নভেম্বর, ২০২৬
বিশ্বজুড়ে আলোচনায় থাকা ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬-এ এবার শোনা যাচ্ছে বাংলা গান। গেমটির একটি রেডিও স্টেশনে জায়গা পেয়েছে কলকাতার সংগীতশিল্পী রূপা বিশ্বাসের ১৯৮২ সালে প্রকাশিত গান ‘আজ শনিবার’। গেমটি ঘিরে খেলোয়াড়দের নানা আগ্রহ ও আবিষ্কারের মধ্যে পুরোনো এই বাংলা গানটি নতুন করে নজর কেড়েছে গেমার ও নেটিজেনদের মাঝে।
‘আজ শনিবার’ গানটি রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল। অ্যালবামটির সুর ও সংগীতায়োজন করেছিলেন আশিস খান। কলকাতার শিল্পী রূপা বিশ্বাস এতে বাংলা ও হিন্দি ভাষায় গানটি গেয়েছিলেন। চার দশকের বেশি সময় পর জিটিএ ৬-এর মাধ্যমে গানটি নতুন করে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ পেয়েছে।
গেমটির ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ নামের ইন-গেম রেডিও স্টেশনে শোনা যাচ্ছে গানটি। এই স্টেশনে আন্তর্জাতিক হাউস, জ্যাজসহ বিভিন্ন ধরনের সংগীত বাজানো হয়। গেমের কাল্পনিক অঞ্চল লিওনিডায় গাড়ি চালানোর সময় রেডিওতে এই গান শুনতে পারবেন খেলোয়াড়েরা।
১৯৮০ ও ৯০-এর দশকে ডিস্কো সংগীত বেশ জনপ্রিয় ছিল। সে সময় ভারতীয় সংগীতেও এই ধারার প্রভাব দেখা যায়। নাজিয়া হাসানের ‘আপ জ্যায়সা কোই’ কিংবা ১৯৮২ সালের ‘ডিস্কো ড্যান্সার’ সিনেমার গানগুলো ডিস্কো সংগীতকে জনপ্রিয় করে তোলে। সেই সময়ের ডিস্কো ধারার গান ‘আজ শনিবার’ও এবার নতুন প্রজন্মের গেমারদের কাছে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গের মালদার জেলা প্রশাসকের মেয়ে রূপা বড় হয়েছেন কলকাতায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর শেষে ১৯৮১ সালে কানাডায় বেড়াতে গিয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে গান শোনান তিনি। তার গান শুনে মুগ্ধ হন সংগীতশিল্পী দুই ভাই আশিস খান ও প্রণেশ খান। তাদের উদ্যোগেই ১৯৮২ সালে প্রকাশিত হয় রূপার অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’। এতে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সঙ্গে ডিস্কো ও জ্যাজের মিশ্রণ ঘটানো হয়। তবে নাজিয়া হাসান ও বাপ্পি লাহিড়ীর জনপ্রিয়তার ভিড়ে অ্যালবামটি তেমন সাড়া পায়নি। পরে বিয়ে, সংসার ও শিক্ষকতার ব্যস্ততায় পেশাদার সংগীত থেকে দূরে সরে যান রূপা।