২১ নভেম্বর, ২০২৬
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় এক সপ্তাহে ছয়টি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। গত ১২ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল আরও কমে গেছে। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে এই প্রণালি দিয়ে নৌযান চলাচল প্রায় ৬৫ শতাংশ কম।
শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে হরমুজ প্রণালিতে চারটি এবং পারস্য উপসাগরে দুটি জাহাজ হামলার শিকার হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার ঘটনায় দুটি জাহাজকে জরুরি সহায়তা নিতে হয়েছে। অন্য চারটি ঘটনার পরিণতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে কোনো জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি।
গত ১৭ নভেম্বর ওমানের খাসাব শহরের উত্তরে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির একজন ক্রু সদস্য নিখোঁজ হন। আহত হন আরও ১১ জন।
হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জাহাজের ক্রুদের সরিয়ে নেওয়া হয়। পরে জাহাজটিকে টেনে বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। তবে হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি ইউকেএমটিও।
ইউকেএমটিওর প্রতিবেদনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পরিসংখ্যানেও উল্লেখযোগ্য পতনের চিত্র উঠে এসেছে। গত সাত দিনে প্রণালিটি দিয়ে ১১৫টি জাহাজ বাইরে গেছে এবং ১৪৮টি জাহাজ প্রবেশ করেছে। এর আগের সপ্তাহে বাইরে যাওয়া জাহাজের সংখ্যা ছিল ১৩৯ এবং প্রবেশ করেছিল ১৬৯টি। অর্থাৎ দুই দিকেই জাহাজ চলাচল কমেছে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে নিরাপত্তাহীনতা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, পণ্য পরিবহন এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, হরমুজ প্রণালির নিরাপত্তা ঝুঁকিকে অত্যন্ত গুরুতর পর্যায়ে রেখেছে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি)। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, এই অঞ্চলে নতুন করে হামলার আশঙ্কা প্রবল।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে ধারাবাহিক হামলা এবং জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উদ্বেগজনক। বিশেষ করে তেল ও গ্যাস সরবরাহে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে পারে।
তথ্যসূত্র : আল-জাজিরা