২১ নভেম্বর, ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়হীন ম্যানচেস্টার সিটি। তবে টানা তিন হারের পর প্রথমবার পয়েন্ট আদায় করেছে তারা। ফুলহ্যামের সঙ্গে ইতিহাদ স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করার পর কোচ এনজো মারেস্কা স্বীকার করলেন, তার দল পিছিয়ে পড়ার পর ছন্দে ফিরতে হিমশিম খাচ্ছে।
পশ্চিম লন্ডন ক্লাবের বিরুদ্ধে ২০১১ সালের পর প্রথমবার জিততে ব্যর্থ হলো ম্যানসিটি। এর আগে সব প্রতিযোগিতা মিলে ফুলহ্যামকে টানা ২০ ম্যাচে হারিয়েছিল তারা। তাদের কাছেই ১৬ মিনিটে পিছিয়ে পড়ে রদ্রিগো মুনিজের গোলে। এলিয়ট অ্যান্ডারসন দ্বিতীয়ার্ধে গোল করে দলকে উদ্ধার করলেও হতাশা লুকাননি কোচ। ফলাফল ও ক্লাবের বর্তমান পরিবেশ বিবেচনায় মারেস্কা বলেছেন, ‘ফলাফল বিবেচনায় এটা কঠিন মুহূর্ত। আমরা এই মুহূর্তগুলো পছন্দ করি না। তবে যখন আপনি নতুন কিছু গড়ার চেষ্টা করছেন, তখন এটা স্বাভাবিক।’
ফুলহ্যাম গোলমুখ খোলার পর ২৫তম মিনিটে আর্লিং হাল্যান্ড একটি গোল করলেও সেটি বাতিল ঘোষণা করা হয়। ফুলহ্যাম কিপার বার্নড লেনো তাকে রুখে দেন। কিন্তু বল তার হাতে থাকা অবস্থাতেই জালে বল ঠেলে দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। গোলটি বাতিল করা বৈধ ছিল কি না সেই ব্যাখ্যা দিয়েছে ভিএআর।
রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার এক্স-এ লিখেছে, ‘ফুলহ্যামের ফ্রি কিক ও ম্যানসিটির বাতিল গোল নিয়ে রেফারির সিদ্ধান্ত যাচাই করা হয়েছে এবং ভিএআর নিশ্চিত করেছে গোলকিপারের নিয়ন্ত্রণে ছিল বল।’ ভিএআরের ব্যাখ্যাও তারা যুক্ত করেছে, ‘দুই হাতের নিয়ন্ত্রণে ছিল বলটা এবং তারপর আক্রমণকারী খেলোয়াড় তার দখলে থাকা বল জালে ঠেলে দেন।’
হালান্ডের বাতিল গোল নিয়ে মারেস্কা বললেন, ‘আমি মনে করি এটা পরিষ্কার গোল ছিল। কিন্তু তারা ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে।’ দলের পিছিয়ে পড়ার প্রবণতার সমালোচনাও করেছেন ম্যানসিটি কোচ, ‘এটা এমন কিছু যা আমরা ভুল করছি। পিছিয়ে পড়ার যেটা হয়, তাড়াহুড়ো করতে হয়। এটা আমাদের জন্য ভালো না। ক্লিন শিট ধরে রাখার উপায় খুঁজতে হবে আমাদের। প্রিমিয়ার লিগের সব ম্যাচই এভাবে হয় (প্রতিপক্ষ আক্রমণ করে)।’