☰
✕

ডুলিকে নিয়ে সিদ্ধান্তহীনতায় বাফুফে

২১ নভেম্বর, ২০২৬

আসিয়ান কাপে বাংলাদেশ তিন ম্যাচই হেরেছিল। শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে চার দশক পর ৯ গোল হজম করেছিল। এরপর সাফে নিজেদের মাটিতে সেমিফাইনালে বিদায়। ফুটবল অঙ্গনে ব্যর্থতার কারণে হামজাদের হেড কোচ থমাস ডুলির বিদায়ের আলোচনা চলছে। তবে জাতীয় দল কমিটি আজকের সভায় এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। 

আজ বিকেলে বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা ছিল। সেখানে কোচ ডুলিও এসেছিলেন। সাফ ব্যর্থতা নিয়ে কমিটির সদস্যরা তাকে একাধিক প্রশ্ন করেছেন। ডুলি সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। তিনি ফেডারেশন ত্যাগের পর কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আরও আধ ঘণ্টা আলোচনা করেছেন। জাতীয় দল কমিটির চেয়ারম্যান স্বয়ং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। গণমাধ্যমের সামনে তিনি আসেননি। মিডিয়া কমিটির চেয়ারম্যান ও কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবুকে পাঠিয়েছেন।

আমিরুল ইসলাম বাবু ডুলিকে নিয়ে বলেন, ‘আপনারা জানেন সাফের পর কোচ ইস্যুতেই মূলত আমরা আজ আলোচনা করেছি। আমরা কয়েক দিন পর আবার আলোচনায় বসব। সেই আলোচনা প্রয়োজনের প্রেক্ষিতে নির্বাহী কমিটিতেও উত্থাপন করা হতে পারে।’ ডুলিই কি বাংলাদেশের কোচ থাকছেন নাকি বাদ পড়ছেন? সাংবাদিকদের এমন সরাসরি প্রশ্নে বাবু বলেন, ‘আমরা আজ কোনো সিদ্ধান্ত নেইনি। যেই সিদ্ধান্তই নেই সেটা ফুটবলের বৃহত্তর স্বার্থে এবং ফুটবলারদের ও দেশের স্বার্থেই নেব।’

বাংলাদেশ আট বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছিল। ২১ বছর পর সাফের ফাইনালে খেলার স্বপ্নও জেগেছিল। পাকিস্তানের বিপক্ষে হেরে সবই শেষ হয়েছে। আজ সভায় ডুলির ব্যাখ্যায় ফেডারেশন সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, সেটাও জানাননি মিডিয়া কমিটির চেয়ারম্যান।  

আসিয়ান কাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছিল। ব্যর্থতা ছাপিয়ে দুই ফুটবলারের নাইটক্লাব কান্ড আলোচিত ছিল। জাতীয় দল কমিটির সভায় ওই ঘটনার তদন্তের দায়িত্ব নেন সভাপতি নিজেই। যা পরবর্তী সভায় সবাইকে অবহিত করার কথা ছিল। সাদ ও সোহেল রানার নাইট ক্লাব ইস্যু নিয়ে কোনো কিছু এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। সভাপতি দেখবেন ও পরবর্তী সভায় আলোচনা হবে, এটা ডুলির ওপর ক্ষোভ প্রশমনের পদ্ধতি কিনা এমন প্রশ্নে বাবুর উত্তর, ‘আপনারা সামনে দেখবেন।’

সাদ উদ্দিন ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বড় ইনজুরিতে পড়েন। জানা গেছে, তিনি শিগগিরই ভারতে চিকিৎসার জন্য যাবেন। সাদের চিকিৎসার দায়ভার ফেডারেশন নিয়েছে।