☰
✕

অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে প্রশিক্ষণ পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮০ শিক্ষক

২২ নভেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ‘অ্যাপ্লাইড আইসিটি’ বিষয়ে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ পেয়েছেন ১৮০ জন শিক্ষক। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় অনলাইন প্ল্যাটফর্মে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের কারিগরি সহযোগিতায় স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রণীত ‘অ্যাপ্লাইড আইসিটি’ বিষয়ের ওপর এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

গত ১৭ নভেম্বর থেকে দেশের ছয়টি ভেন্যুতে একযোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহীতে ছয়টি ব্যাচে মোট ১৮০ জন শিক্ষক এতে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে উচ্চশিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমেই শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চায় বিশ্ববিদ্যালয়।

উপাচার্য আরও বলেন, প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষকরা নিজ নিজ অঞ্চলে অন্যান্য শিক্ষকদের ইন-হাউস প্রশিক্ষণের মাধ্যমে এ উদ্যোগকে সফল করে তুলবেন বলে তিনি আশাবাদী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. সরদার মো. কেরামত আলী এবং শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রোকেয়া পারভীন।