☰
✕

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ফিজিশিয়ান স্যাম্পল’ বিক্রি, তিন ফার্মেসিকে জরিমানা

২২ নভেম্বর, ২০২৬

 

ব্রাহ্মণবাড়িয়া শহরে ওষুধ বিক্রিতে অনিয়ম ও ওষুধ উৎপাদনকারী কোম্পানির দেওয়া বিনামূল্যের নমুনা ওষুধ বা ‘ফিজিশিয়ান স্যাম্পল’ অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (২২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এতে সার্বিক সহায়তা করেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে শহরের বিভিন্ন ওষুধের দোকানে তদারকি অভিযান চালানো হয়। এ সময় ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘন করে ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে দুলাল সার্জিক্যাল করপোরেশন, মুন্সি মেডিসিন কর্নার ও মেসার্স নাদিম এন্টারপ্রাইজ অ্যান্ড সার্জিক্যাল মার্টকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। অভিযানে সদর মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে জরিমানার পাশাপাশি কারাদণ্ড করা হবে। জনস্বার্থে ও নাগরিকদের নিরাপদ ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।