☰
✕

ধূমপানের গন্ধ মুখে নিয়ে নামাজ আদায়ের বিধান কী?

২২ নভেম্বর, ২০২৬

পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করা আবশ্যক। অপবিত্রতার সঙ্গে নামাজ কবুল করেন না আল্লাহ তায়ালা। কোনো ধরনের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়া মাকরুহ। এতে পাশে থাকা অন্য মুসল্লিদের কষ্ট হয় এবং নিজের নামাজের মনোযোগেও ব্যাঘাত ঘটে। 

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন জিনিসের ব্যবহার শরীয়তে নিষিদ্ধ। ধূমপানও এমন জিনিসের অন্তর্ভুক্ত হওয়ায় ধূমপান নিষেধ। আর দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে মসজিদে প্রবেশের অনুমতি নেই। এতে ফেরেশতা ও মুসল্লি সবার কষ্ট হয়।

ধূমপান করে মসজিদে প্রবেশে শরীয়তের নিষেধাজ্ঞা সত্ত্বেও যদি কেউ ধূমপান করে, তাহলে মুখ খুব পরিষ্কার করে মসজিদে আসতে হবে, অন্যথায় মুসল্লি এবং ফেরেশতাদের কষ্ট দেওয়ার কারণে গুনাহগার হবে।

দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশের বিষয়ে বিখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুলের (সা.) সামনে রসুন এবং পেঁয়াজ সম্পর্কে আলোচনা করা হলো। সাহাবিরা বললেন, ইয়া রাসুলাল্লাহ! এ দুটির মধ্যে রসুনে তেজ বা ঝাঁঝ বেশি, আপনি কি একে হারাম মনে করেন? তখন নবী (সা.) বললেন, তোমরা তা খাবে, কিন্তু যে ব্যক্তি তা খাবে, এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে। (সুনানে আবু দাউদ, হাদিস:  ৩৭৮০)

আরেক হাদিসে হজরত মুগীরা ইবন শুবা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি রসুন খাওয়ার পর মসজিদে গমন করি, যেখানে রাসুল (সা.) সালাত আদায় করতেন। এ সময় এক রাকাত নামাজ শেষ হয়েছিল। যখনই আমি মসজিদে প্রবেশ করি, তখনই রাসুল (সা.) রসুনের গন্ধ পান। 

রাসুল (সা.) সালাত আদায় শেষে বললেন, যে ব্যক্তি এ গাছ (পেঁয়াজ, রসুন) থেকে কিছু খাবে, সে যেন ততক্ষণ আমাদের কাছে না আসে, যতক্ষণ না সে দুর্গন্ধ দূর হয়ে যায়... (সুনানে আবূ দাউদ, হাদিস: ৩৭৮৩)