☰
✕

কৈলাশ খেরের কম্বলের নিচে গোখরা সাপ!

২২ নভেম্বর, ২০২৬

সাপ দেখলে অধিকাংশ মানুষ-ই নিরাপদ দূরত্ব বজায় রাখে। তবে ভারতীয় জনপ্রিয় গায়ক কৈলাশ খের যেন এক কাঠি সরেস। তিনি গোখরা সাপ কম্বলের ভেতর নিয়ে ঘুমাতেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

কৈলাশ তখন ২০ বছরের মতো। সে সময় একটি কোবরা পুষতেন। তার কথায়,  “আমার কাছে একটি কোবরা সাপ ছিল। তখন আমার বয়স আনুমানিক কুড়ি বছর। সে সময় খুব একটা বুদ্ধি বা অভিজ্ঞতা কোনোটাই ছিল না। সাপটি প্রায় তিন মাস আমার সঙ্গে ছিল। শীতকালে ও আমাদের সঙ্গে একই কম্বলের নীচে ঘুমাত। আমরা যখনই কোথাও যেতাম নিজের ব্যাগে সাপটিকে নিয়ে যেতাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা ওকে জঙ্গলে ছেড়ে দিই। একদিন মনে হলো, প্রতিদিন ইঁদুর মেরে খাওয়াতে হচ্ছে, ব্যাপারটা ঠিক হচ্ছে না। তখন ভাবলাম, এটা ঠিক নয়। একটি প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য অন্য একটি প্রাণীকে হত্যা করে এতটা নিষ্ঠুর হতে চাই না।”

তবে বিষদাঁত ছিল না সে কোবরার। যদিও হিসহিস শব্দে বিষের প্রভাব থাকে। তবে সেই বোধবুদ্ধির তখন অভাব ছিল উল্লেখ করে বলেন, “কোবরার দাঁত তুলে দেওয়া হয়। কিন্তু তার হিসহিস শব্দের মধ্যেও বিষের প্রভাব থাকে। সে সময় বুদ্ধি-বিবেচনা এমনই ছিল যে…। আমরা সাধু-সন্তদের সঙ্গে জঙ্গলে ও পাহাড়ে জীবন কাটিয়েছি। প্রচুর হাঁটাহাঁটি করেছি, পাহাড়ে চড়েছি, নানা ধরনের পোকামাকড় ও কাঁটার মুখোমুখি হয়েছি। এসবের মধ্য দিয়েই আমাদের জড়তা ও সংকোচ কেটে গিয়েছিল।”

শুধু কৈলাশের না, পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ও সাপ পোষেন। কয়েকটি অজগর সাপ রয়েছে তার। এর আগে সাপ গলায় জড়িয়ে ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন পরিচালক।