২২ নভেম্বর, ২০২৬
এক শিল্পপতি বাবার উগ্র, বখাটে ও মাস্তান স্বভাবের ছেলের জীবনে এক কুড়িয়ে পাওয়া শিশুকন্যাকে ঘিরে আসা পরিবর্তনের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়াজাল’। একটি শিশুর আগমন কীভাবে বদলে দিতে পারে একজন মানুষের জীবন—সেই গল্পই তুলে ধরা হয়েছে এতে।
সৌরভ ঘোষ নিলয় পরিচালিত এই ফিল্মে অভিনয় করেছেন রাজ চৌধুরী, আলিয়া আফরিন জোহা, আজম খান, আলী মাসুদ, রেবেকা রউফ, তানজিনা সুমি ও সামিয়া সুলতানা।
ওয়েব ফিল্মটিতে রয়েছে দুটি গান। ‘বাবা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজ চৌধুরী নিজেই। অন্যদিকে ‘বিশ্বাস করো তুমি শুধু আমায়’ শিরোনামের গানটিতে রাজের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রায়া শারমিলা রাফতি।
রাজ চৌধুরী বলেন, ‘মায়াজাল গল্পটি অত্যন্ত চমৎকার, সব মিলিয়ে কাজটি আমার খুব স্বপ্নের একটি কাজ, চেষ্টা করেছি ভালো কিছু করার,বাকিটা দর্শক বলবে। প্রকাশের পর থেকেই ওয়েব ফিল্মটি দারুণ সাড়া পাচ্ছি, একদিনেই প্রায় দশ হাজার মানুষের ভালোবাসা পেয়েছি। আশা করছি মায়াজাল অনেকদূর যাবে।’