২৩ নভেম্বর, ২০২৬
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের প্রধান মো. ইসলামকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।
গ্রেফতার ইসলাম উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বলেন, গতকাল রবিবার দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উনচিপ্রাং ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করেন। ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন ক্যাম্পের এসআই প্রকাশ চন্দ্র সরকার।
এ সময় উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ/৫ ব্লকে ইদ্রিস নামে এক রোহিঙ্গার বাঁশের দোকান থেকে মো. ইসলামকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার জন্য এপিবিএন পুলিশের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।
মো. ইসলামের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে পর্যালোচনায় জানা গেছে।