২৩ নভেম্বর, ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্তের ৬১/৬ নম্বর পিলারের ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
আটক ভারতীয় নাগরিক রাহুল মীর (২১)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাকুড়া গ্রামের শরিফুল মীরের ছেলে। আটক বাংলাদেশি নাগরিকরা হলেন নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের কালিপদ সরকারের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপড়াইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)। আটক অপর নারী সদস্যের নাম-পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেণীপুর সীমান্তে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশি পুরুষ, একজন বাংলাদেশি নারী এবং একজন ভারতীয় পুরুষ রয়েছেন। আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।