☰
✕

অজু ছাড়া কোরআনের আয়াত কম্পোজ করা যাবে?

২৩ নভেম্বর, ২০২৬

পবিত্র কোরআন স্পর্শের জন্য অজু করা জরুরি। অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। কারো যদি শরীর পবিত্র থাকে, কিন্তু অজু না থাকে, তাহলে এমন ব্যক্তি কোরআন শরিফ স্পর্শ করে পড়তে পারবে না। তবে শুধু মুখস্ত কোরআন তিলাওয়াত করতে চাইলে তা করতে পারবে। 

কারো অজু না থাকলেও শরীর পবিত্র থাকলে সে চাইলে শুয়ে, বসে, দাঁড়িয়ে, গাড়িতে বসে, কাজের ফাঁকে ফাঁকে যখন-যেভাবে খুশি মুখস্থ কোরআন তিলাওয়াত করতে পারবে। তবে কোরআনের আয়াত কম্পোজ করার জন্য কি অজু থাকা জরুরি?

যেমন, কেউ যদি কম্পিউটার অপারেটর হন এবং তিনি আরবী, বাংলা সবই কম্পোজ করেন। পেশার কারণে তাকে প্রায়ই কোরআনের আয়াত কম্পোজ করতে হয়। কোরআনের আয়াত কম্পোজ করার সময় ওই ব্যক্তির কি অজু করা জরুরি? 

ইসলামের দৃষ্টিতে কোরআন স্পর্শের জন্য অজু থাকা জরুরি। তবে কোরআন মাজীদের আয়াত কম্পোজ করার জন্য অজু থাকা জরুরি নয়। তবে কম্পোজের সময় যে কাগজ দেখে লিখা হচ্ছে সে কাগজের অধিকাংশ লিখা কিংবা পুরোটাই কোরআনের আয়াত হলে ওই কাগজ স্পর্শ করতে অজু থাকা জরুরি। অবশ্য যে কাগজে কোরআনের আয়াত কম আর অন্য লেখা বেশি সে কাগজে অজু ছাড়াও হাত লাগানো জায়েজ হলেও আয়াতের উপর হাত লাগাতে অজু থাকা জরুরি।