২৩ নভেম্বর, ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতে চলছে দাপ্তরিক কার্যক্রম। নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অব্যবহৃত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। এতে একদিকে কমছে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা, অন্যদিকে প্রতি মাসে সরকারের সাশ্রয় হচ্ছে প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।
জানা গেছে, জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট। ২৩ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রেনকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর থেকে প্ল্যান্টটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
প্ল্যান্টটিতে ৬২৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন ৯৬টি সৌর প্যানেল এবং ইন্টারনেট সংযোগ-সুবিধাসম্পন্ন দুটি অন-গ্রিড ইনভার্টার স্থাপন করা হয়েছে। দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর ছুটির দিনে কার্যালয় বন্ধ থাকায় উৎপাদিত বিদ্যুতের অব্যবহৃত অংশ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে এ প্ল্যান্ট থেকে ১ হাজার ৪৯৬ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেরপুরের সরকারি দপ্তরগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপন করা গেলে দেড় থেকে দুই মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ বাড়বে।
জেলা প্রশাসকের কার্যালয়ে সৌরবিদ্যুতের এ উদ্যোগ দেখে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। অনেকেই নিজ উদ্যোগে বাসাবাড়িতে সৌর প্যানেল স্থাপন করছেন। এতে নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যুৎ বিল কমানোর সুযোগ তৈরি হচ্ছে।
বর্তমানে শেরপুর জেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দৈনিক বিদ্যুতের চাহিদা ৪৪ মেগাওয়াট। অন্যদিকে পল্লী বিদ্যুতের দৈনিক চাহিদা ৪৫ মেগাওয়াট। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ চাহিদার একটি অংশ সৌরশক্তির মাধ্যমে পূরণ করা গেলে প্রচলিত বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ কমবে।
জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ বলেন, সৌরবিদ্যুৎকেন্দ্রটির মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের দিনের বিদ্যুতের চাহিদা পূরণ হচ্ছে। একই সঙ্গে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। শেরপুর জেলায় এটিই প্রথম এ ধরনের সৌরবিদ্যুৎ কার্যক্রম। এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি উদ্যোগ।
তিনি আরও বলেন, জেলায় প্রায় ২৩০টি সরকারি দপ্তর রয়েছে। এসব দপ্তরের ছাদে সৌর প্যানেল স্থাপন করা গেলে দেড় থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এ উদ্যোগ বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ ও চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিবাচক সাড়া দিয়েছে। পাশাপাশি বেসরকারি গ্রাহকদেরও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ নিজেরাই ব্যবহার করছেন। কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে এ বিদ্যুৎ কাজে লাগছে। এতে প্রতি মাসে সরকারের প্রায় ১ লাখ ৫ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। জেলার সব সরকারি দপ্তরে সৌর প্যানেল স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়েও এ উদ্যোগ সম্প্রসারণের প্রক্রিয়া চলছে।