২৯ অক্টোবর, ২০২৪
পাবনা প্রতিনিধি: পাবনা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য, দৈনিক ভোরের ডাক পত্রিকার পাবনা প্রতিনিধি আবদুর রশিদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পাবনা জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ।
তার মৃত্যুতে পাবনা গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সহকমীরা ছুটে যান শহরের শালগাড়ীয়া বাড়ীর বাসভবনে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে আবদুর রশিদ বুকে ব্যথা অনুভব করেন। ঐ রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকাল ১১টার দিকে মারা যান।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান বলেন,‘আমরা একজন নিবেদিত প্রাণ সহকর্মী হারিয়েছি। পাবনাবাসী একজন মানবিক ও ন্যায়পরায়ণ সাংবাদিককে হারিয়েছে।’
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ বলেন,‘আবদুর রশিদ প্রেসক্লাবের অন্তপ্রাণ গণমাধ্যমকর্মী ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীরা শোকে কাতর।’
জানাযার আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তার মৃতদেহে শ্রদ্ধা জানানো হয়। রাত ৮টায় পাবনা গোডাউনপাড়া বøুবার্ড কিন্ডার গার্টেন প্রাঙ্গণে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সাংবাদিক, গণ্যমান্যব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। জানাযা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক আব্দুর রশিদের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা গভীর শোক জ্ঞাপন করেছেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।