☰
✕

কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়াতে দৈনিক যেসব খাবার খাবেন

২৪ নভেম্বর, ২০২৬

কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়াতে খাদ্যতালিকায় রাখুন ফাইবারসমৃদ্ধ খাবার সুস্থ থাকার জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফাইবার বা আঁশযুক্ত খাবার রাখা জরুরি হলেও অনেকেই তা এড়িয়ে যান। ফাইবার পেট ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ, হৃদ্‌যন্ত্রের সুরক্ষা এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখায় ক্ষুধা ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। ফাইবারের ঘাটতি পূরণে দামি খাবার বা বিশেষ ডায়েট প্ল্যানের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা। 

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, দৈনন্দিন সাধারণ কিছু খাবারের মাধ্যমেই শরীরের প্রয়োজনীয় ফাইবার সহজে সংগ্রহ করা সম্ভব। এই পুষ্টিবিদের মতে, এক টেবিল চামচ চিয়া সিড থেকে প্রায় ৫ গ্রাম এবং একই পরিমাণ তিসি বীজ থেকে ৪ গ্রাম ফাইবার পাওয়া যায়। এগুলো দই বা ওটসের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। ডাল ও শিমজাতীয় খাবারের মধ্যে প্রায় ৩০ গ্রাম কাঁচা কালো ছোলায় ৮ গ্রাম, রাজমায় ৭ গ্রাম এবং লোবিয়ায় ৬ গ্রাম ফাইবার থাকে। এমনকি একটি মাঝারি আকারের গমের আটা, বাজরা বা জোয়ারের রুটি থেকেও প্রায় ৩ গ্রাম ফাইবার পাওয়া যায়। 

ফলের মধ্যে পেয়ারায় ৮ গ্রাম, ডালিমে ৬ গ্রাম এবং নাশপাতিতে ৫ গ্রাম ফাইবার রয়েছে। সবজির মধ্যে সজনে ডাঁটা, মিষ্টি আলু ও ফ্রেঞ্চ বিনস খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি নাশতা হিসেবে ফলের রসের বদলে গোটা ফল এবং খোসাসহ ভাজা ছোলা ও ভাজা মাখানা বেছে নেওয়ার কথা বলেছেন। 

লভনীত বাত্রার হিসাব অনুযায়ী, সাধারণ খাবার থেকেই দিনে প্রায় ৩৫ গ্রাম ফাইবার পাওয়া সম্ভব। দিনের শুরুতে একটি মাঝারি পেয়ারা (৮ গ্রাম), দুপুরে কালো ছোলার তরকারি (৮ গ্রাম), একটি মাঝারি ডালিম (৬ গ্রাম), দই বা নাশতায় এক টেবিল চামচ চিয়া সিড (৫ গ্রাম), বিকেলে ভাজা ছোলা (৫ গ্রাম) এবং একটি মাঝারি রুটি (৩ গ্রাম)। 

তবে একবারে প্রচুর ফাইবার না খেয়ে ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এই পুষ্টিবিদ, যাতে পরিপাকতন্ত্র সহজে মানিয়ে নিতে পারে। সেই সঙ্গে পর্যাপ্ত পানি পান করাও অত্যন্ত জরুরি।