☰
✕

আমিরাতে বাংলাদেশ প্রবাসী ফুটবল লীগের জমকালো উদ্বোধন

২৪ নভেম্বর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো বাংলাদেশ প্রবাসী ফুটবল লীগ সিজন-২ এর।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে আজমান পুলিশ স্পোর্টস অ্যান্ড শুটিং ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী দিনের খেলাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় এক হাজার দর্শক। প্রবাসী পরিবারগুলোর উপস্থিতিতে স্টেডিয়াম পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের লেফট ব্যাক জায়ান আহমেদ। তার উপস্থিতি আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে। তরুণ ফুটবলারদের সঙ্গে ছবি তোলা, কথা বলা আর উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে দিনভর ছিলেন প্রাণবন্ত।

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্য নিয়েই এই লীগের আয়োজন।

তাদের প্রত্যাশা, নিয়মিত এমন প্রতিযোগিতার মাধ্যমে প্রবাসী তরুণ ফুটবলাররা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন ক্লাব কিংবা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরিতেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জায়ান আহমেদ প্রবাসী তরুণদের ফুটবলে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীরা চেষ্টা করলে পারবে।

তার এই বক্তব্য প্রবাসে বেড়ে ওঠা তরুণদের স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী দিনের চারটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। প্রতিটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয় একই ব্যবধানে ২-১ গোলে।

দিনের প্রথম ম্যাচে তিস্তা রয়্যালস ২-১ গোলে তিতাস লিজেন্ডসকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে মেঘনা ইউনাইটেড একই ব্যবধানে জয় পায় পদ্মা ব্লুজের বিপক্ষে। তৃতীয় ম্যাচে যমুনা হিরোস ২-১ গোলে সুরমা জায়ান্টসকে হারায়। দিনের শেষ ম্যাচে কর্ণফুলী কিংস ২-১ গোলে হালদা টাইটানসকে পরাজিত করে। এ ম্যাচে কর্ণফুলী কিংসের একটি লাল কার্ডের ঘটনাও ঘটে।

চারটি ম্যাচে মোট ১২টি গোল হওয়ায় দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা ও উচ্ছ্বাস দেখা যায়।

বাংলাদেশ প্রবাসী ফুটবল লীগের মতো আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করার একটি সম্ভাবনাময় উদ্যোগ।

প্রবাসে বেড়ে ওঠা অনেক তরুণের মধ্যেই ফুটবলের প্রতি আগ্রহ ও প্রতিভা রয়েছে। যথাযথ প্রশিক্ষণ, নিয়মিত প্রতিযোগিতা এবং প্রতিভা বিকাশের সুযোগ পেলে তাদের মধ্য থেকেও ভবিষ্যতে দক্ষ ফুটবলার উঠে আসতে পারেন।

প্রবাসের মাটিতে এই ফুটবল আয়োজন শুধু বিনোদনের উপলক্ষ্য নয়, বরং নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে সামনে এগিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই লীগের ধারাবাহিকতা বজায় থাকলে প্রবাসী তরুণদের সঙ্গে বাংলাদেশের ফুটবলের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দেশের ফুটবলে অবদান রাখার নতুন সুযোগ তৈরি হবে।