☰
✕

সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে ‘ওয়ালটন মিনি ম্যারাথন’ অনুষ্ঠিত

২৪ নভেম্বর, ২০২৬

কর্মীদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-তে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ালটন মিনি ম্যারাথন’। ওয়ালটন হেলথ অ্যান্ড হ্যাপিনেস কমিটি এবং এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি (ইএইচএস) বিভাগের যৌথ উদ্যোগে রবিবার (২২ নভেম্বর) বিকেলে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মোহাম্মদ ইউসুফ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-র ডেপুটি অব এএমডি সেলিম রাজা রাসেল, ওয়ালটন মানব সম্পদ বিভাগীয় প্রধান মো. কাউসার উদ্দিন চৌধুরী, সিকিউরিটি সার্ভিস প্রধান লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. জালাল উদ্দিন (অব.), কনস্ট্রাকশন-ওয়ার্কশপ সেকশন প্রধান মো. সোহেল রানাসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আয়োজক কমিটির সদস্যরা।

বিকেলে প্রতিষ্ঠানের সদর দপ্তরের ওয়ালটন হেলিপ্যাড প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়ে রসুলপুর ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে। ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই দৌড়ে অংশগ্রহণ করেন। দৌড় শেষে প্রধান অতিথি এএমডি মোহাম্মদ ইউসুফ আলী বিজয়ীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী পর্বে এএমডি মোহাম্মদ ইউসুফ আলী বলেন, “কর্মীদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও কর্মক্ষমতা বজায় রাখার জন্য দৈনন্দিন কাজের পাশাপাশি নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। সুস্থ ও প্রাণবন্ত কর্মীবাহিনীই একটি প্রতিষ্ঠানের প্রকৃত চালিকাশক্তি। আজকের এই মিনি ম্যারাথনে সহকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগত সুস্বাস্থ্য রক্ষার পাশাপাশি আমাদের কর্মস্থল ও চারপাশের পরিবেশের প্রতিও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। আমরা সবাই মিলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ইএইচএস বিভাগ ও হেলথ অ্যান্ড হ্যাপিনেস কমিটির এই সময়োপযোগী আয়োজনকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”

অনুষ্ঠানে ইএইচএস বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু বলেন, “একটি নিরাপদ ও উৎপাদনশীল কর্মপরিবেশ নিশ্চিত করার পূর্বশর্ত হলো কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা। বর্তমান ব্যস্ত কর্মজীবনে নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়াচর্চা কর্মীদের কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রের মানসিক চাপ কমাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই মিনি ম্যারাথন আয়োজনের মূল লক্ষ্য ছিল সহকর্মীদের মাঝে সুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত সংহতি আরো দৃঢ় করা। ইএইচএস বিভাগের পক্ষ থেকে আমরা সবসময় কর্মীদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।”

ভবিষ্যতেও কর্মীদের কল্যাণ, সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।