২৪ নভেম্বর, ২০২৬
নরসিংদীর শিবপুরে আলম মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কয়েকটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামের একটি সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। কাঠ কাটা, রাজমিস্ত্রির কাজসহ বিভিন্ন ধরনের দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বংপুর গ্রামের সড়কে আলম মিয়ার পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় আশপাশে স্থানীয় কয়েকজন উপস্থিত থাকলেও আতঙ্কে কেউ এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না।
নিহতের স্বজনরা জানান, দুই শিশু সন্তানের জনক আলম মিয়া দিনমজুরি করে সংসার চালাতেন। সোমবার স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেছেন তারা। তবে কী কারণে তাকে এমন হুমকি দেওয়া হয়েছিল, তা বুঝতে পারছেন না স্বজনরা।
খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের সঙ্গে কথা বলে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।