২৪ নভেম্বর, ২০২৬
যে বয়সে একজন তরুণের স্বপ্ন থাকে পড়াশোনা, ঘুরে বেড়ানো আর নিজের ভবিষ্যৎ গড়ার, সেই বয়সেই কারাগারের অন্ধকারে হারিয়ে যায় বাদল ফরাজীর জীবন। ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই ভ্রমণই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নামের মিলের কারণে জড়িয়ে পড়েন এক হত্যা মামলায়। এরপর ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর, দেশে ফেরার পর আরও আট বছর—এভাবেই কেটে যায় জীবনের ১৮টি বছর।
এই দীর্ঘ সময়ে মারা গেছেন তাঁর বাবা। অন্যদিকে ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা মা শিফালী বেগম এখন অসুস্থ, চলাফেরাও করতে পারেন না। অবশেষে মায়ের অসুস্থতার কারণে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা বাদল। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। সন্ধ্যা ৬টা ২১ মিনিটে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পুলিশি নিরাপত্তায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। তবে ১৮ বছরের অপেক্ষার পর পাওয়া এই সাময়িক মুক্তিতেও স্বস্তি নেই পরিবারের। তাঁদের দাবি, চার সপ্তাহ নয়, বাদলের স্থায়ী মুক্তি নিশ্চিত করা হোক।
তাজমহল দেখতে গিয়ে যে দুর্ভাগ্যের শুরু
২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নিজ বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। ওই ঘটনায় ভারতীয় পুলিশ তাঁর গৃহকর্মী বাদল সিং নামের এক ব্যক্তিকে খুঁজছিল।
এর দুই মাস সাত দিন পর, ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশের বাগেরহাটের মোংলার তরুণ বাদল ফরাজী। তাঁর উদ্দেশ্য ছিল আগ্রার তাজমহল দেখা। পরিবারের ভাষ্য অনুযায়ী, তখন তিনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভারতের হরিদাসপুর সীমান্তে প্রবেশের পরপরই তাঁকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ২১ জুলাই তাঁকে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
পরিবার ও মানবাধিকারকর্মীদের দাবি, বাদল ফরাজী ও মামলার আসামি বাদল সিং এক ব্যক্তি নন। শুধু নামের মিলের কারণেই তাঁকে ভুলভাবে শনাক্ত করা হয়েছিল। তখন বাদলের বয়স ছিল ১৮ বছর। পরিবার ও মানবাধিকারকর্মীদের ভাষ্য, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় তিনি নিজের পরিচয় যথাযথভাবে বোঝাতে পারেননি।
বাদলের পরিচয় প্রমাণে পরবর্তী সময়ে তাঁর পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি উপস্থাপন করা হয়। ২০১২ সালের ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তাঁর পাসপোর্ট, ভিসা ও ভারতে প্রবেশের তথ্য তুলে ধরে। কিন্তু এসব নথি উপস্থাপনের পরও মুক্তি মেলেনি তাঁর।
১৮ বছরের বন্দিজীবন
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজীকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
এরপর ভারতের তিহার কারাগারে বন্দিজীবন শুরু হয় তাঁর। সেখানে থেকেও থেমে থাকেনি তাঁর পড়াশোনা। কারাগারে থাকা অবস্থায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন বাদল। কিন্তু শিক্ষাজীবনের অগ্রগতি হলেও মুক্তির পথ সহজ হয়নি।
বাদলের বন্দিজীবনের খবর ছড়িয়ে পড়লে ভারতের মানবাধিকারকর্মী রাহুল কাপুরসহ অনেকে তাঁর মুক্তির দাবিতে কাজ শুরু করেন। দিল্লিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও প্রচারণা চালানো হয়। বাংলাদেশেও তাঁর মুক্তির দাবিতে কাজ করেন স্বজন, সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীরা।
ভারত থেকে ফিরেও মিলেনি মুক্তি
প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই বাংলাদেশে ফিরিয়ে আনা হয় বাদলকে। ওই দিন বিকেল আনুমানিক চারটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে তাঁকে নেওয়া হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
স্বজনদের প্রত্যাশা ছিল, দেশে ফিরলে হয়তো মুক্তির পথ খুলবে। কিন্তু বাস্তবে তা হয়নি। ভারত থেকে দেশে ফিরেও কারাগারেই থাকতে হয় তাঁকে। পরে তাঁকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
২০২২ সালের ২০ জুলাই তাঁর ভারতীয় সাজা অনুযায়ী ১৪ বছরের কারাভোগ পূর্ণ হওয়ার বিষয়টি কারা-সংক্রান্ত নথিতে উঠে আসে। কিন্তু এরপরও মুক্তি মেলেনি। কারণ, ভারতীয় আইনে তাঁর সাজা ও বাংলাদেশের আইনে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে জটিলতা তৈরি হয়। ভারতীয় আইনে সাজাভোগের মেয়াদ ১৪ বছর হলেও বাংলাদেশের আইনে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর—কোন দেশের আইন অনুযায়ী তাঁর সাজা কার্যকর হবে, তা নিয়ে প্রশাসনিক ও আইনি জটিলতা দেখা দেয়।
২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডে মেয়াদপূর্তির আগে বাদলের মুক্তির বিষয়টি বিবেচনায় এলেও আবেদনটি নাকচ হয়। এরপরও তাঁর মুক্তির চেষ্টা থেমে থাকেনি।
দীর্ঘ চেষ্টার পর প্যারোল
২০২৬ সালের ৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাদলের স্থায়ী মুক্তির দাবিতে মানববন্ধন করেন তাঁর স্বজন, পাঠক ও মানবাধিকারকর্মীরা। এ সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়। বাংলাদেশে প্রচেষ্টা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন, সাংবাদিক ও আইনজীবী তাঁর মুক্তির পক্ষে কাজ করেন। লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলামও বাদলের ঘটনা সামনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাদলের দীর্ঘ বন্দিজীবন নিয়ে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে রাহিতুল ইসলামের লেখা ‘বাদলের কারাবাস: ভুল বিচারে ১৮ বছর—ভারত থেকে বাংলাদেশ’ বই। এতে তাঁর গ্রেপ্তার, বিচারপ্রক্রিয়া, কারাগারের অভিজ্ঞতা এবং দীর্ঘ বন্দিজীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।
সর্বশেষ ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট প্যারোলের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন অনুসরণের কথা জানান। এরপর ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক পাঠায়। ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরেকটি স্মারক জারি করা হয়। পরে ২৫ অক্টোবর বাদলের বোন তাঁর প্যারোলের আবেদন করেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতও নেওয়া হয়।
সবশেষে ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে বাদল ফরাজীকে চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানানো হয়। প্যারোল নীতিমালার বিশেষ বিধান অনুযায়ী সরকারের বিশেষ সিদ্ধান্তে এই মুক্তির ব্যবস্থা করা হয়।
মায়ের অপেক্ষা, পরিবারের শঙ্কা
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বন্দি স্থানান্তর চুক্তির আওতায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা বাগেরহাটের দুই বাসিন্দা সাইদুল আফজাল ও বাদল ফরাজীকে চার সপ্তাহের প্যারোলে মুক্তির আদেশ দিয়েছেন গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে তাঁদের বাগেরহাটে আনা হয়। তাঁদের প্যারোলে মুক্তির বিষয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, প্যারোলের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কারাগারের ফটক থেকে তাঁদের গ্রহণ করে স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়া এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাদলের পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন পর তাঁকে কাছে পাওয়ার অপেক্ষা থাকলেও সাময়িক মুক্তি নিয়ে রয়েছে ক্ষোভ। তাঁর বড় বোন জানান, ভাইয়ের প্যারোলে মুক্তির বিষয়ে পরিবারকে আগে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মঙ্গলবার সকালে পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়। পরিবারের প্রশ্ন, মাত্র চার সপ্তাহের মুক্তিতে কী হবে? তাঁরা বাদলের স্থায়ী মুক্তি চান।
পাঁচ ভাইবোনের মধ্যে বাদল দ্বিতীয়। তাঁদের তিন বোন ও দুই ভাই। বাদল কারাগারে থাকতেই মারা যান তাঁদের বাবা। দীর্ঘ ১৮ বছর ধরে ছেলের ফেরার অপেক্ষায় থাকা মা শিফালী বেগম এখন অসুস্থ। ছেলেকে কাছে পাওয়ার এই সুযোগ তাঁর জন্য যেমন আবেগের, তেমনি পরিবারের কাছেও দীর্ঘ অপেক্ষার পর একটুখানি স্বস্তি।
১৮ বছর আগে তাজমহল দেখতে গিয়ে যে তরুণ আর ঘরে ফিরতে পারেননি, তিনি এবার ফিরছেন মায়ের কাছে। কিন্তু এই ফেরা কত দিনের, তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। চার সপ্তাহ পর তাঁকে আবার কারাগারে ফিরতে হবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। পরিবারের একটাই চাওয়া—আর যেন মায়ের কাছ থেকে ছেলেকে বিচ্ছিন্ন হতে না হয়। আইনি জটিলতার স্থায়ী সমাধান হোক, বাদল ফিরে পান স্বাভাবিক জীবনের অধিকার এই প্রত্যাশা স্বজনদের ।