২৫ নভেম্বর, ২০২৬
মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। শামীম জামানের নাটকটির ১০০তম পর্ব প্রচারিত হবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে। দর্শকের ভালোবাসার সুবাদেই এক-দুই করে একশতম পর্বে পৌঁছেছে ধারাবাহিকটি। কিন্তু কী আছে এতে? নাটকের গল্প বিলুপ্ত প্রায় একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখ নিয়ে।
নয়নপুর গ্রামের অশীতিপর বৃদ্ধ সেরাজ খাঁ প্রচুর সম্পত্তির মালিক। গ্রামে তার বাড়িটা সবচেয়ে বড়। বাড়িতে লোক সংখ্যা অনেক। সেরাজের দুই ছেলে দুই মেয়ে। বড় ছেলের নাম মেরাজ এবং ছোটছেলের নাম এন্তাজ। একমাত্র মেয়ে শাফিয়া। তার বিয়ে হয়েছে। স্বামী মারা গেছে। একমাত্র মেয়ে বুন্দিকে নিয়ে অন্যগ্রামে থাকে। গ্রামের নাম সখীপুর। সে মাঝে মাঝে বাবার বাড়ি বেড়াতে আসে। টাকার জন্য সম্পত্তির ভাগ চাওয়ার জন্য।
মেরাজ নিঃসন্তান। এজন্য তার বৈষয়িক টান নেই। কিন্তু স্ত্রী জাহানারার আছে। সে সম্পত্তির ভাগ ছাড়তে চায় না। নিঃসন্তান হওয়ায় মেরাজ ছোটভাই এন্তাজের মেজো ছেলে কামালকে পালক নিয়েছে। তাকে লেখাপড়া শিখিয়েছে। কামাল এখন চাকরি করে।
এন্তাজের আরো তিন ছেলে আছে। বড়ছেলের নাম জামাল, সেজোছেলের নাম হাবিব, ছোটছেলের নাম বদি। এরা কেউ লেখাপড়া সেভাবে করেনি। মোটকথা কাউকে মানুষ করতে পারেনি। জামাল হিসেবি। সে বিয়ে করেছে। স্ত্রীর নাম রত্না। বাবার বাড়ির প্রতি খুব টান তার। তার বড়ভাই মনজিল ধুরন্ধর। সে কিছু করে না। টাকার দরকার হলে বোন রত্নার কাছে আসে। রত্না তাকে টাকা দেয়। এটা নিয়ে সেরাজের পরিবারে তীব্র প্রতিক্রিয়া হয়। কথা চালাচালি হয়। এরকম নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় একটি একান্নবর্তী পরিবারের সুখ-দুঃখের গল্প।
একটা সময় দেশজুড়ে ছিল এরকম একান্নবর্তী পরিবার। তাই দর্শকের মনে পুরনো দিনের স্মৃতি উসকে দিচ্ছে এই নাটক। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নির্মিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আখম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, আহসানুল হক মিনু, শফিক খান দিলু, শেলী আহসান, সালাউদ্দিন লাভলু, সাদ্দাম মালসহ আরও অনেকে।