২৫ নভেম্বর, ২০২৬
যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার মামলায় স্বামী শওকত হোসেন ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে শওকত আলী (৪৭) এবং কুকরালি কারিকরপাড়ার আতিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৪)। এ মামলার অপর দুই আসামি শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তার মা ছবিরণ বিবিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের নভেম্বর মাসে সদর উপজেলার ঘোনা কারিকরপাড়ার রইচউদ্দিনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে শওকত আলীর বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমাকে নির্যাতন করতেন শওকত। এক লাখ টাকা দেওয়ার পরও বাকি টাকার দাবিতে নির্যাতন অব্যাহত থাকে। একপর্যায়ে ২০০৮ সালে শওকত দ্বিতীয় বিয়ে করেন। পরে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে মিলে নাছিমার ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।
২০১২ সালের ২৯ আগস্ট রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে ভাড়া বাসায় নাছিমাকে মারধরের পর তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি চিকিৎসক ও পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে জবানবন্দি দেন।
এ ঘটনায় নাছিমার মা রাবেয়া খাতুন বাদী হয়ে শওকত, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা, শফিকুল ও ছবিরণ বিবিকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জানুয়ারি পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত সাতজন সাক্ষীর জবানবন্দি ও মামলার নথি পর্যালোচনা করে শওকত ও শফিকুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদ- দেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিপক্ষ উচ্চ আদালতে গেলেও রায় বহাল থাকলে তিনি আরও খুশি হবেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আকবর আলী রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, রায়ের কপি পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, দ-প্রাপ্ত দুই আসামিকে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।