২৫ নভেম্বর, ২০২৬
ঘূর্ণিঝড় মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) যৌথ আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। স্বাগত বক্তব্য দেন সিপিপি প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) সরাফাত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সিপিপির উপপরিচালক আলমগীর হোসেন, সিনিয়র সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ময়নুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সিপিপির সিনিয়র সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদের পরিচালনায় মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার, মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, উদ্ধার কার্যক্রম, আহতদের প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ-পরবর্তী জরুরি করণীয় বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হয়।
এ সময় সিপিপির স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহড়ার মাধ্যমে উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে মহড়ায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।