২৫ নভেম্বর, ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সবার জন্য ক্যাশলেস লেনদেনের সেবা সহজ ও নিরবচ্ছিন্ন করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে বিকাশ। এর ফলে ক্যাম্পাস থেকেই ব্যবহারকারীরা বিকাশের প্রয়োজনীয় বিভিন্ন সেবা নিতে পারবেন। পাশাপাশি, ক্যাম্পাসের সব আর্থিক লেনদেন ক্যাশলেস করার লক্ষ্যে সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যান্টিনের কেনাকাটাসহ বিভিন্ন পেমেন্ট বিকাশের মাধ্যমে করার সুবিধা দিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকাশ এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মাশরুর রহিম সাদাত, যুগ্ম পরিচালক আজহারুল ইসলাম ভূঁইয়া; বিকাশের চিফ কমার্সিয়াল অফিসার আলী আহম্মেদ, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সবার জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এই এক্সপেরিয়েন্স জোন প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে ব্যবহারকারীরা ক্যাশ-ইন, ক্যাশ-আউট, অ্যাকাউন্ট নিবন্ধন, সেভিংস, অ্যাসিস্টেড মাইক্রোফাইন্যান্স ও রেমিট্যান্স সেবা, পিন রিসেট ও অ্যাকাউন্ট আনব্লক, গ্রাহক তথ্য হালনাগাদ, অ্যাকাউন্ট সক্রিয়করণ এবং স্টেটমেন্টসহ বিকাশ অ্যাকাউন্ট-সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে পারবেন।
ক্যাম্পাসের সব লেনদেন ক্যাশলেস করার উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা সেমিস্টার ফি, লাইব্রেরি ফি, ল্যাব ফি, অ্যাক্টিভিটি ফি, যাতায়াত ফি, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন ও স্টেশনারি দোকানের বিলসহ বিভিন্ন আর্থিক লেনদেন বিকাশের মাধ্যমে করতে পারবেন। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমার পাশাপাশি ক্যাম্পাসের দৈনন্দিন ছোট-বড় লেনদেন আরও দ্রুত ও ঝামেলাহীন হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত করে তুলতে ভূমিকা রাখবে এ উদ্যোগ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনাও আরও স্বচ্ছ ও সহজ হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, সম্পূর্ণ ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যাম্পাসের ছোট-বড় সব ধরনের লেনদেন ডিজিটাল ব্যবস্থায় আনতে বিকাশের সঙ্গে এ যৌথ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেনে আরও সক্রিয়ভাবে অভ্যস্ত করতেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ক্যাশলেস ক্যাম্পাসের এ উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। গ্রাহকের প্রকৃত চাহিদা ও সমস্যা সঠিকভাবে চিহ্নিত করতে পারলেই কার্যকর সমাধান তৈরি করা সম্ভব। শুরুতে মোবাইল আর্থিক সেবার প্রসার মানুষের জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর মাধ্যমে ঘটলেও বর্তমানে তা দৈনন্দিন লেনদেনসহ আরও কার্যকর আর্থিক সেবা গ্রহণের সুযোগ তৈরি করেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ক্যাশলেস ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে কার্যকর উদাহরণ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিকাশের মাধ্যমে ঘরে বসেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অনলাইন কোর্স এবং ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষা ফি পরিশোধ করতে পারেন। ফলে ফি জমা দিতে শিক্ষার্থী বা অভিভাবকদের আর শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। ফি পরিশোধের পর তাৎক্ষণিক নোটিফিকেশন ও ডিজিটাল রসিদও পাওয়া যায়।