২৬ নভেম্বর, ২০২৬
চাঁদপুরের শাহরাস্তিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদর্শন না করা এবং খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার কালিবাড়ি বাজারে এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযানকালে কালিবাড়ি বাজারের ফিউচার সুইটম ও গ্রীন ফুডস বেকারিসহ দুটি মিষ্টির দোকান পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির মালামাল সংরক্ষণের স্থান অপরিচ্ছন্ন, লাইসেন্স প্রদর্শন না করা এবং পাউরুটি, মিষ্টি ও দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আগামী তিন দিনের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না করলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁদের সতর্ক করা হয়েছে।