☰
✕

ফেনীতে ইয়াবা মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড

২৬ নভেম্বর, ২০২৬

 

ফেনীতে ৪০০টি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার মামলায় মোতাহের হোসেন সুমন নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৬ সালের ২৫ নভেম্বর যুগ্ম দায়রা জজ আদালত-৪-এর বিচারক কামরুন নাহার প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেন। দায়রা মামলা নম্বর ৪১১/২০১৬-এর রায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধিত ২০০৪ সালের ১০(১)(খ) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোতাহের হোসেন সুমন ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারসংলগ্ন সোনাপুর গ্রামের আইন উদ্দিন সবুজের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৫ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে সুমনের বিরুদ্ধে ৪০০টি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে হেফাজতে রাখার অভিযোগে মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন যুগ্ম দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট আবদুর রহিম।

এদিকে সুমন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ইউটিউবভিত্তিক কর্মকাণ্ড পরিচালনা করেন বলে অভিযোগ করেছেন তার এলাকার বাসিন্দা ও সাবেক ফায়ার সার্ভিস কর্মচারী মশিউর রহমান মিলন। তার দাবি, ইউটিউবার পরিচয়ের আড়ালে সুমন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে সুমনের বক্তব্য পাওয়া যায়নি।