☰
✕

মেহেরপুরে কুষ্ঠরোগ সচেতনতায় কর্মশালা

২৬ নভেম্বর, ২০২৬

গণমাধ্যমকর্মীদের প্রতিবেদন তৈরীতে আরও তথ্য-উপাত্ত জানাতে জেলায় কুষ্ঠরোগ বিষয়ে এক কর্মশালার আয়োজন করেছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

বুধবার জেলার সদর উপজেলার বামনপাড়ায় স্থানীয় সিডিপি (সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস) কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘কুষ্ঠরোগ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা জানান, চিকিৎসার মাধ্যমে কুষ্ঠরোগ নিরাময়যোগ্য হলেও সচেতনতার অভাব ও সামাজিক বৈষম্যের কারণে আক্রান্ত ব্যক্তিরা এখনো নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। মেহেরপুর কুষ্ঠরোগের ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে। এ রোগ নিয়ে সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন সংস্থাটির প্রকল্প কর্মকর্তা (এপিপি) মুশফিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. জ্যাকলিন রোজ, সিডিপির প্রোগ্রাম অফিসার জন প্রবঞ্জন বিশ্বাস, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, দিলরুবা খাতুন ও রাশেদুজ্জামান।