২৬ নভেম্বর, ২০২৬
নেত্রকোনার কলমাকান্দায় মুন্সীপুর হাজী ইসরাইল ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা প্রধান শিক্ষক আব্দুল্লাহর বিরুদ্ধে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পরিচালনা কমিটি গঠন এবং শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্য, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণে অনিয়ম ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগ করেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ও অভিভাবক শামছু উদ্দিন, সেলিম আহমেদ রহিম, অভিযোগকারী ইকবাল মিয়া ও মাসুম রানা এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী খলিলুর রহমান ও আরমান আলিফসহ অন্যরা।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল্লাহ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন।