☰
✕

ছয় দফা দাবিতে জাবি ছাত্রশক্তির গণসংযোগ কর্মসূচি

২৬ নভেম্বর, ২০২৬

ক্যাম্পাস সংস্কারে ঘোষিত ছয় দফা দাবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে এবং তাদের মতামত জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে শাখা জাতীয় ছাত্রশক্তি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ানসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। পরে বিভিন্ন একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের মধ্যে ছয় দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন তারা।

কর্মসূচিতে ক্যাম্পাস সংস্কার, শিক্ষার্থীদের নিরাপত্তা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পাস সংস্কারে ছয় দফা দাবি উত্থাপন করে জাতীয় ছাত্রশক্তি। দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পুনঃতদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা।

এছাড়া, অবিলম্বে জাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে সংগঠনটি। একাডেমিক নিপীড়নে জড়িত শিক্ষকদের বিচার, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষার সুযোগ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের ব্যবস্থাও তাদের দাবির মধ্যে রয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাম্প্রতিক ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং পুরো ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়, রেজিস্ট্রার কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারসহ বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনার সুপারিশ করেছে তারা। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।

কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “ছয় দফা দাবি শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে এবং তাদের মতামত জানতে আমরা গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছি। বিভিন্ন একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। দাবিগুলো বাস্তবায়নে তাদের সহযোগিতাও চেয়েছি।”

তিনি আরো বলেন, “এই ছয় দফা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা, অনিয়ম ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িত। এসব দাবি নিয়ে আমরা বারবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি এবং বাস্তবায়নের আহ্বান জানিয়েছি। প্রশাসন আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি। আমরা চাই, অবিলম্বে ছয় দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক। এর মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।”