২৬ নভেম্বর, ২০২৬
২০২৬ সালের জুনিয়র স্কুল (জেএস) ও জুনিয়র দাখিল (জেডি) ভোকেশনাল বৃত্তি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভেন্যু পরিবর্তন ছাড়াই নিজ কেন্দ্রে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা এবং কোনো অনিয়ম বা উত্তরপত্র পাঠাতে দেরি হলে সংশ্লিষ্ট কেন্দ্র বাতিল করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তালিকা প্রকাশ করা হয়।
চিঠি থেকে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীরা কোনো ধরনের ভেন্যু পরিবর্তন ছাড়াই তাদের নির্ধারিত নিজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। তবে পরীক্ষা চলাকালীন নিজ প্রতিষ্ঠানের কোনো শিক্ষক তাদের শিক্ষার্থীদের হল পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না। নীতিমালা অনুযায়ী বাইরের শিক্ষক নিয়োগ দিয়ে পরিদর্শকের দায়িত্ব দিতে হবে।
চিঠি থেকে আরও জানা যায়, কেন্দ্র পরিচালনা ও উত্তরপত্র প্রেরণের ক্ষেত্রে কঠোর নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শেষে লিথোর প্রথম অংশ ও উত্তরপত্রের সংখ্যা সমান নিশ্চিত করে লিথো রোল নম্বর অনুযায়ী বান্ডেল করতে হবে। এরপর জেএস (ভোকেশনাল) পরীক্ষার ক্ষেত্রে সাদা কাপড়ে এবং জেডি (ভোকেশনাল) পরীক্ষার ক্ষেত্রে হলুদ কাপড়ের মোড়কে সেলাই ও সিলগালা করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকেশনাল) বরাবর বোর্ডে পাঠাতে হবে।
পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে পরীক্ষার দিনই ডাকযোগে এসব উত্তরপত্র ও লিথো পাঠাতে হবে; কোনোভাবেই পরের দিন পাঠানো যাবে না। নির্ধারিত সময়ে উত্তরপত্র ও লিথো পাঠাতে ব্যর্থ হলে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট কেন্দ্র বাতিল করা হবে। এ ছাড়া পরীক্ষা চলাকালীন কোনো অনিয়ম বা অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আগামীতে ওই কেন্দ্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।