☰
✕

গাজায় সন্তান জন্মদানে বাধা সৃষ্টি করছে ইসরায়েল: অ্যামনেস্টি

২৬ নভেম্বর, ২০২৬

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে যে গাজায় সন্তান জন্মদানের সুযোগ ও প্রজনন স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে ইসরায়েল, এবং এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) তদন্তের আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে সংস্থাটির প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ‘গণহত্যার অপরাধ’ সংঘটনের বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে গাজার নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সন্তান ধারণ ও জন্মদানের সক্ষমতার ওপর ভয়াবহ প্রভাবের চিত্র তুলে ধরেছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরাইলের কর্মকাণ্ডের কারণে গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসা গ্রহণের সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি গর্ভাবস্থায় নানা জটিলতা বেড়েছে, যার মধ্যে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিস্থিতির পেছনে ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল কি না তা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো অবস্থানে অ্যামনেস্টি নেই বলেও স্বীকার করেছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রবেশ করেছে। এ ছাড়া সেখানে ৩৫টি হাসপাতাল চালু রয়েছে, যার মধ্যে নারীদের স্বাস্থ্যসেবা ও বন্ধ্যাত্বের চিকিৎসার সুবিধাও রয়েছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চিকিৎসাসেবা নিতে গিয়ে কিংবা প্রসূতি ওয়ার্ডে অবস্থানকালে ইসরাইলি হামলায় অনেক নারী ও কিশোরী নিহত বা আহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, অব্যাহত বোমাবর্ষণের মধ্যেও অনেক নারী আহত অবস্থায় গর্ভাবস্থা পার করেছেন কিংবা নিজেদের নবজাতক শিশুর দেখাশোনা করেছেন।

অ্যামনেস্টির মতে, চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর চিকিৎসাসেবা এবং গর্ভকালীন জটিলতা শনাক্ত করার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এ ছাড়া প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় অবেদনকারী ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর সংকট অনেক ক্ষেত্রে প্রাণহানির কারণ হয়েছে।

অ্যামনেস্টি এসব সংকটের জন্য মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বিধিনিষেধকে দায়ী করেছে। সংস্থাটির মতে, এসব বিধিনিষেধের কারণে মা ও নবজাতকের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে।

প্রতিবেদনের এসব পর্যবেক্ষণের ভিত্তিতে অ্যামনেস্টির মহাসচিব ক্যালামার্ড আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কর্মকর্তাদের দ্বারা ‘গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে কি না’, তা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আদালতের তদন্তে ‘লিঙ্গভিত্তিক অপরাধ ও প্রজননস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের বিষয়গুলো’ অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের মধ্যে সন্তান জন্মদান বন্ধ বা বাধাগ্রস্ত করার পদক্ষেপ গণহত্যার একটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

চিকিৎসার কোনো সুযোগ নেই

প্রতিবেদন তৈরির জন্য নেওয়া ২২৮টি সাক্ষাৎকারের মধ্যে দুজন প্যারামেডিক অ্যামনেস্টিকে ২০২৬ সালের শুরুর দিকে ঘটে যাওয়া দুটি ঘটনার কথা জানিয়েছেন। ঘটনাগুলো গাজা উপত্যকায় ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিতকারী তথাকথিত ‘ইয়েলো লাইন’ থেকে কয়েক শ মিটার দূরে ঘটেছিল।

তাদের ভাষ্য অনুযায়ী, উভয় ঘটনায় সন্তান জন্মদানের অপেক্ষায় থাকা এক নারী এবং তাকে হাসপাতালে নিতে পাঠানো অ্যাম্বুলেন্স গুলির মুখে পড়ে।

প্রতিবেদনে ২০২৫ সালে মারা যাওয়া ২০ দিন বয়সী এক শিশুর ঘটনাও উল্লেখ করা হয়েছে। অসুস্থ আরেক শিশুর সঙ্গে একই ইনকিউবেটরে থাকার পর সংক্রমণে শিশুটির মৃত্যু হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি হামাসের অধীনে পরিচালিত হলেও তাদের প্রকাশিত পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে গাজায় জীবিত শিশুর জন্মের সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ কমেছে। জাতিসংঘের তথ্যেও দেখা গেছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সন্তান প্রসবের সংখ্যা কমেছে।

অ্যামনেস্টি আরো জানিয়েছে, গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করেছে, এমন কিছু প্রমাণ তারা পেয়েছে। বিশেষ করে জিম্মিদের আটকে রাখা কিংবা ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ক্ষেত্রে হাসপাতাল ব্যবহারের তথ্য রয়েছে। তবে হাসপাতালগুলো হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো ইসরাইলের এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি সংস্থাটি।

যুদ্ধ শুরুর আগে গাজায় ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা কৃত্রিম উপায়ে সন্তান ধারণের চিকিৎসা দেওয়া হতো এমন অন্তত নয়টি ক্লিনিক ছিল। কিন্তু বর্তমানে এসব ক্লিনিকের কোনোটিতেই এ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে অ্যামনেস্টি।

সূত্র: বার্তা সংস্থা এএফপি