২৬ নভেম্বর, ২০২৬
বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির দ্বিতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বাল্যবিবাহ রোধে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, মসজিদের ইমামগণ বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
প্রতি জেলায় নোটারী পাবলিকের যারা রয়েছেন, তাদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে বার্তা প্রচারের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন তিনি।
সভায় জানানো হয়, গত তিন মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ১০১ বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
এছাড়া ৪১৮টি উঠান বেঠক অনুষ্ঠিত, বাল্যবিবাহ রোধে স্কুল পর্যায়ে ৩২টি অনুষ্ঠান এবং ১৩টি মোবাইলকোর্ট পরিচালিত হয়েছে।
সভায় মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ বিভাগীয় পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন।