☰
✕

দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে ৫৩৫ কোটি টাকার টিকা কিনছে সরকার

২৬ নভেম্বর, ২০২৬

a২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ছয় মাসের জন্য পাঁচ ধরনের টিকা কিনবে সরকার। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব টিকা কেনা হবে।

এতে ব্যয় হবে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। এ জন্য কোনো উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে না।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় মাঠপর্যায়ে ইপিআই কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা জরুরি। এ জন্য ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান মজুতের অতিরিক্ত ছয় মাসের টিকা সংগ্রহ করা প্রয়োজন।

পাঁচ ধরনের এসব টিকা জরুরি ভিত্তিতে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে তুলনামূলক বেশি সময় লাগে। এ ছাড়া খোলাবাজারে প্রয়োজনীয় পরিমাণ টিকা পাওয়া যায় না। একই সঙ্গে টিকার গুণগত মান বজায় রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব বিবেচনায় ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার প্রস্তাব করা হয়েছে।

যে পাঁচ ধরনের টিকা কেনা হবে, সেগুলো হলো বিসিজি, এমআর, বিওপিভি, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি। এর মধ্যে বিসিজি টিকার পরিমাণ ৭ লাখ ৮০ হাজার ভায়াল, এমআর ১১ লাখ ৯০ হাজার ভায়াল, বিওপিভি ৭ লাখ ৫০ হাজার ভায়াল, পেন্টাভ্যালেন্ট ৬১ লাখ ২০ হাজার ভায়াল এবং পিসিভি ১৫ লাখ ৯০ হাজার ভায়াল।

এসব টিকা কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। এ অর্থের জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। টিকা সংগ্রহের প্রস্তাব বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর।

ইপিআই কর্মসূচির আওতায় দেশের মাঠপর্যায়ে শিশু ও নারীদের নিয়মিত টিকা দেওয়া হয়। এ কর্মসূচিতে টিকার সরবরাহ ব্যাহত হলে নির্ধারিত সময়ে শিশুদের টিকাদান কার্যক্রমেও বিঘ্ন ঘটতে পারে। এ কারণে বিদ্যমান মজুতের পাশাপাশি অতিরিক্ত ছয় মাসের টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।