☰
✕

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, পদ না থাকলেও চলবে’—সেই বিএনপি নেতা গ্রেফতার

২৬ নভেম্বর, ২০২৬

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ (৩৮)।

দলীয় নেতাদের সঙ্গে প্রকাশ্য বিরোধ, মব সৃষ্টির চেষ্টা ও চাঁদাবাজির একাধিক অভিযোগের মধ্যেই চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাশের মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তার এক বছরের কারাদণ্ড হয়।

বোয়ালমারী থানার অধীন জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসানের নেতৃত্বে মধুখালী থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।

মাহমুদুল হাসান জানান, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা বোরহানের ভাড়া বাসার সামনে অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঘর থেকে বের হলে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে বোরহানকে গ্রেফতার করা হয়েছে। তিনি বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের বাসিন্দা হলেও পরিবার নিয়ে মধুখালীতে আত্মগোপনে ছিলেন।

এদিকে বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে একাধিক অভিযোগ তুলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, তিন-চার মাস আগে কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। পুলিশের সহায়তায় তিনি মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেন।

সঞ্জয় সাহা আরও অভিযোগ করেন, সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেন বোরহান। এছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ গত রোববার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।

সঞ্জয় সাহা জানান, বোরহানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। তবে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও তার লিখিত পদত্যাগপত্র এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে বোরহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী ছিলেন। সম্প্রতি বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তাকে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছে। বোরহানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।