২৬ নভেম্বর, ২০২৬
মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশ সুরক্ষায় শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা খুলনায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনার দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়, দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ ও আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, তরুণরাই আগামী দিনে সমাজ ও দেশ গঠনে নেতৃত্ব দেবে। মাদক ব্যক্তির স্বাভাবিক চিন্তাশক্তি ও পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য সঠিকভাবে অপসারণ এবং ডিজিটাল আসক্তি পরিহারে তরুণদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
কলেজের উপাধ্যক্ষ মো. সদরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরাদুল ইসলাম ও সমাজসেবক শেখ অলিয়ার রহমান। সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সঞ্চালনা করেন অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।