২৬ নভেম্বর, ২০২৬
নতুন প্রজন্মের কাছে দেশীয় সাহিত্য, বিজ্ঞান ও মনীষীদের অবদান তুলে ধরা এবং শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে রাজবাড়ীর কালুখালীতে আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। এতে জেলার দুই কৃতী ব্যক্তিত্ব বিশিষ্ট সাহিত্যিক মীর মোশাররফ হোসেন ও বিজ্ঞানী ড. কাজী মোতাহার হোসেনের জীবন, সাহিত্যকর্ম, গবেষণা ও অবদান নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় কালুখালী নজির আলী মার্কেট চত্বরে বসুন্ধরা শুভসংঘ কালুখালী উপজেলা শাখা এ আয়োজন করে। এতে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
আয়োজনটিতে সভাপতিত্ব করেন কালুখালীর হোগলাডাঙ্গী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হানিফ উদ্দিন খান। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফকির উদ্দিন খান মামুন, অধ্যাপক মো. আসাদুল ইসলাম ও উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন।
আলোচনায় মীর মোশাররফ হোসেনের সাহিত্যজীবন, বাংলা সাহিত্যে তাঁর অবদান এবং কালজয়ী সৃষ্টি ‘বিষাদ-সিন্ধু’ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। অন্যদিকে বিজ্ঞানী, গণিতবিদ ও পরিসংখ্যানবিদ ড. কাজী মোতাহার হোসেনের বিজ্ঞানচর্চা, গবেষণা, শিক্ষা ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাঁর যুক্তিবাদী চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকার বিষয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি জাতির প্রকৃত উন্নয়নে শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞানচর্চার বিকল্প নেই। স্থানীয় কৃতী ব্যক্তিত্বদের জীবন ও কর্ম সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও শিকড় সম্পর্কে জানতে পারে। একই সঙ্গে তাঁদের জীবনসংগ্রাম, অধ্যবসায় ও জ্ঞানচর্চা শিক্ষার্থীদের সামনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এ ধরনের পাঠচক্র শিক্ষার্থীদের বই পড়া, জানার আগ্রহ এবং মননশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
আলোচনা শেষে কালুখালী সরকারি কলেজ ও কালুখালী মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মীর মোশাররফ হোসেন ও ড. কাজী মোতাহার হোসেনের জীবন, কর্ম ও অবদানভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও মেধার পরিচয় দেয়।
প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার সাইমা প্রথম, পাভেল মাহমুদ দ্বিতীয় এবং মিনহাজুল শৈইমুর সিয়াম তৃতীয় স্থান অর্জন করেন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় ইতিহাস ও মনীষীদের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে বসুন্ধরা শুভসংঘ এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চায়। কালুখালীতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতেও সংগঠনটি কাজ করবে।