☰
✕

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

২৬ নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের এক প্রতিবেদনে জানাচ্ছে, ইসরাইলের মজুত প্লুটোনিয়াম দিয়ে ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব।

গত ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলের কাছে এখন আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পাশাপাশি পাঁচ বছর আগের হিসাবের তুলনায় ইসরাইলের পারমাণবিক অস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়নি। তবে দেশটি এখনো প্লুটোনিয়াম সংগ্রহ করছে।

বর্তমানে তাদের কাছে সর্বোচ্চ ১ হাজার কেজি প্লুটোনিয়াম মজুত থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। প্রতিবেদনের হিসাব অনুযায়ী, প্রতি পারমাণবিক ওয়ারহেড তৈরিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম প্রয়োজন হলে এই মজুত দিয়ে আরও ১৬০ থেকে ২৫০টি বোমা তৈরি করা সম্ভব। তবে এই মজুত ব্যবহার করে অবিলম্বে অস্ত্রভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা ইসরাইলের নেই।

দখলদার দেশটির পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন বলে জানিয়েছেন গবেষকেরা। দেশটি হাইড্রোজেন বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে কিনা, সে বিষয়টিও স্পষ্ট নয়। তবে বিভিন্ন তথ্য বিশ্লেষণে তাদের ধারণা, ইসরাইলের অস্ত্রভাণ্ডারে মূলত এক ধাপের বুস্টেড ফিশন অস্ত্র রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলের ডিমোনা পারমাণবিক স্থাপনায় এখনো ওয়ারহেড তৈরি হচ্ছে। তবে নতুন করে অস্ত্রের সংখ্যা বাড়ানোর পরিবর্তে বিদ্যমান অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ করতেই এসব তৈরি করা হচ্ছে।